২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাহোরে বোলারদের দাপট, পাকিস্তানও বিপাকে

লাহোর টেস্টে ইংল্যান্ডের বিপর্যয়ের শুরু প্রথম দিন থেকেই। দ্বিতীয় দিনেও সেই বিপর্যয় থেকে বের হয়ে আসতে পারেনি ইংল্যান্ড। বিপর্যয় ঠেকানোর মত সব কান্ডারি প্রথম দিনই সাজঘরে ফিরে যাওয়ায় তা আর সম্ভবও ছিলনা। ২৮৮ রানে শেষ হয় সফরকারীদের প্রথম ইনিংস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2005, 06:25 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

অন্যদিকে পাকিস্তানও তাদের প্রথম ইনিংসে খুব একটা সুবিধা করতে পারেনি। ইংল্যান্ডের ২৮৮ রানের জবাবে স্বাগতিকরা দিনশেষে চার উইকেট হারিয়ে করেছে ১৮৫ রান।

আগেরদিনের ছয় উইকেটে ২৪৮ রান নিয়ে খেলতে নেমে স্কোর বোর্ডে ৪০ রান যুক্ত হতেই বাকি তিন ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফেরেন। পাক পেসার মোহাম্মদ সামি দুই এবং স্পিনার দানিশ কানেরিয়া একটি উইকেট নিয়ে ইংল্যান্ডের লেজটা ছেঁটে দেন।

দিনের শুরুতেই আঘাত হানেন কানেরিয়া। দর্শকরা সবে মাত্র নড়েচড়ে বসার তোড়জোড় করছেন। স্কোর বোর্ডে রান উঠেছে এক। কানেরিয়ার ঘূর্ণিবলে কুপোকাৎ হন দশ রানে আগেরদিনের অপরাজিত ব্যাটসম্যান উদাল।

ইংলিশদের ভরসা তখনও কলিংউড। প্রথমদিনের ৭১ রানের সাথে একটু একটু করে এগুচ্ছিলেন কলিংউড। কিন্তু তিনি একা চেষ্টা করলে কি হবে, অন্যপ্রান্তে যে তখন আসা যাওয়ার মিছিল। সতীর্থদের সহযোগিতার অভাবে অবশেষে রণেভঙ্গ দিতেই হলো তাকে। সেঞ্চুরি থেকে মাত্র চার রান দুরে দাঁড়িয়ে পিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতারের গতির কাছে হার মানলেন কলিংউড। ১৬২ রানে সাজানো ৯৬ রানের ইনিংসে তিনি বাউন্ডারি হাঁকান ১৫টি। পর্দা নামে ইংল্যান্ডের প্রথম ইনিংসের।

শোয়েব মালিক তিন উইকেটে স্থির থাকলেও রানা নাভেদ, মোহাম্মদ সামি এবং দানিশ কানেরিয়া দু’টি করে উইকেট তুলে নিয়ে ইংলিশদের ব্যাটিং লাইন আপ ধসিয়ে দেন।

ইংল্যান্ডের প্রথম ইনিংসের জবাব দিতে নেমে পাকিস্তানও যে স্বস্তিতে কাটিয়েছে তা কিন্তু নয়। বরং সফরকারীদের তুলনায় তাদের সূচনাটাও ছিল ভয়ংকর রকমের খারাপ। কোন রান করার আগেই হগার্ডের প্রথম ওভারের ষষ্ঠ বলেই প্লাংকেটের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন বল হাতে সফল শোয়েব মালিক। ইউনিস খানের পরিবর্তে দলে জায়গা করে নেয়া আসিম কামালও টিকতে পারেননি বেশিক্ষণ। দলের ১২ রানের মাথায় আবারও আঘাত হানেন হগার্ড। এবার অবশ্য কারও সহযোগিতা নেননি তিনি। পাঁচ রান করে এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন কামাল।  

এরপর মোহাম্মদ ইউসুফ আর সালমান বাট ইনিংস মেরামতে মনোযোগ দেন। তৃতীয় উইকেট জুটিতে তারা ৫৬ রান করেন। কিন্তু সালমানও ধৈর্য্য ধরে রাখতে পারেননি। ২৮ রান করে প্লাংকেটের বলে জোন্সের হাতে ক্যাচ দেন সালমান।

ইউসুফ আর অধিনায়ক ইনজামাম দুই প্রান্ত আগলে লড়ে যাচ্ছিলেন। কিন্তু চা বিরতির পর ব্যক্তিগত ৩৫ রানে ইনজামাম ইংলিশ পেসার স্টিভ হার্মিসনের লাফিয়ে ওঠা একটি বলে হাতে আঘাত পেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন। হাছান রাজা ২১ রান করে হার্মিসনের শিকারে পরিনত হন।

অন্যপ্রান্তে দিনশেষে ৮৪ রানে অপরাজিত থেকে যান মোহাম্মদ ইউসুফ। শুন্য রান নিয়ে সাথে আছেন শোয়েব আখতার।