স্প্যানিশ লিগে বার্সার জয়, রিয়েলের ড্র
বার্সেলোনা রোববার স্প্যানিশ লিগে ৪-১ গোলে সানট্যানডেরের বিরুদ্ধে জয় লাভ করে লিগ তালিকায় শীর্ষে উঠে এসেছে। কিন্তু রিয়েল মাদ্রিদ ২--২ গোলে ড্র করেছে রিয়েল সোসিয়েদের সাথে।
বার্সার পক্ষে ম্যাচের ৩১ মিনিটের মাথায় স্যামুয়েল ইতো রিয়েল সানট্যানডারের পাঁচজন ডিফেন্ডারকে কাটিয়ে চমৎকারভােেব মৌসুমে নিজের ১২তম গোলটি করেন।
ম্যাচের দ্বিতীয়ার্ধের প্রথম দিকে বার্সার পক্ষে দ্বিতীয় গোল করেন আর্জেন্টাইন টিনেজার ফুটবলার লিওনেল মিসি। পাঁচ মিনিট পর ব্যবধান বাড়িয়ে ৩--০ করেন রোনালদিনহো।
বার্সার পক্ষে ম্যাচের শেষ গোল পেনাল্টি থেকে করেন সিলভিনহো।
রিয়েল সানট্যানডারের পক্ষে এক মাত্র গোলটি পেনাল্টি থেকে করেন ফ্রান্সিসকো ক্যাসকিউরো।
এদিকে রিয়েল মাদ্রিদ ম্যাচের শেষ তিন মিনিটে দু’টি গোল কর কোন মতে পরাজয় থেকে রক্ষা পায়। রিয়েল মাদ্রিদের পক্ষে দু’টি গোল করেন রাউল ব্রাভো ও জিনেদাইন জিদান।
সোসিয়েদের পক্ষে ম্যাচের ৪৩ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন এবি প্রিটো। রিয়েল মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার রর্বাতো কার্লোস সোসিয়েদের ফুটবলার অসকার ডি পলাকে অধৈভাবে বাধা দিলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন।
৫৮ মিনিটের মাথায় ডি পলা নিজে দ্বিতীয় গোলটি করেন।
