জাতীয় লিগের ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি রাজিনের, ঢাকা, রাজশাহী ও সিলেটের জয়
ইস্পাহানী মির্জাপুর চা সপ্তম জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ওয়ানডেতে শনিবার জয় পেয়েছে ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগ।
দু’টি ওয়ানডে জিতে চার পয়েন্ট নিয়ে ঢাকা ও রাজশাহী যৌথভাবে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। দুই পয়েন্ট করে সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট ও চট্টগ্রাম। খুলনা এবং বরিশাল এখনও পয়েন্টের মুখ দেখেনি।
ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে জাভেদ ওমর ও মোহাম্মদ রফিকের দু’টি অনবদ্য হাফ সেঞ্চুরিতে ভর করে স্বাগতিক ঢাকা ছয় উইকেটে হারায় দুর্বল বরিশাল বিভাগকে।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিক দল ২০ রানে হারিয়েছে খুলনাকে। অন্যদিকে চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে অতিথি সিলেট অধিনায়ক রাজিন সালেহর শতকের সুবাদে ৪৮ রানে হারিয়েছে স্বাগতিক চট্টগ্রামকে।
ঢাকা বনাম বরিশাল
প্রথমে ব্যাট করে অতিথি বরিশাল খালেদ মাহমুদ ও মোহাম্মদ রফিকের মারাত্মক বোলিংয়ের মুখে ৩৯ দশমিক দুই ওভারে ১৫২ রানে অল আউট হয়ে যায়। খালেদ ও রফিক সাতটি উইকেট ভাগাভাগি করে নেন।
দলীয় ৫১ রানের মধ্যেই খালেদ মাহমুদ বরিশালের তিন টপ অর্ডার ব্যাটসম্যান-শাহরিয়ার নাফিস (৬ রান), নাসিরউদ্দিন ফারুক (৬ রান) এবং শাহিন হোসেনের (০ রান) উইকেট তুলে নেন। পরে ইনিংসের সর্বোচ্চ স্কোরার ইমরান আহমেদকে আউট করেন তালহা জুবায়ের। ইমরান ২৯ রান করেন।
দশ ওভারে ৪২ রানের বিনিময়ে চার উইকেট নেয়া খালেদ মাহমুদ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
পরবর্তীতে মোহাম্মদ রফিক মাত্র ৬ দশমিক দুই ওভার বল করে পাঁচ রানের বিনিময়ে বরিশালের মিডল অর্ডারের তিন ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিয়ে অতিথিদের ইনিংস গুটিয়ে দেন।
পরে ছয় নম্বরে ব্যাট করতে নেমে মোহাম্মদ রফিক ৩৪ বলে সাতটি চার ও দু’টি ছক্কার সহায্যে ৫৩ রানের একটি টর্নেডো ইনিংস খেলে অপরাজিত থাকেন। পিঞ্চ হিটার রফিক সাজিদের বলে পয়েন্ট অফ দিয়ে চার মেরে তার রানের খাতা খোলেন। আলী আরমানের করা ইনিংসের ২৯ তম ওভারে পরপর দুই বলে দু’টি চারও মারেন রফিক। হুমায়ুন কবিরকে লং অফে বাউন্ডারি হাঁকিয়ে নিজের হাফ সেঞ্চুরি পূরন করার পাশাপাশি দলের জয়ও নিশ্চিত করেন এই বাঁ হাতি।
জাভেদ ওমর ৮৩ বলে আটটি বাউন্ডারির সাহায্যে অপরাজিত ৫৩ রান করেন। এ ম্যাচে অধিনায়ক মোহাম্মদ আশরাফুল কোন রান করতে পারেননি।
রাজশাহী বনাম খুলনা
ঘণ কুয়াশার কারনে খেলা দেরিতে শুরু হওয়ায় ওভার কমিয়ে ৩৫ ওভার করা হয়। রাজশাহী প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ওপেনার মনিরুজ্জামান ৩৩ বলে সর্বোচ্চ ২৯ রান করেন। এছাড়া ফরহাদ হোসেন ১৯, রফিকুল অপরাজিত ১৮ এবং নাঈম ইসলাম ১৫ রান করেন।
খুলনার স্পিনার আব্দুর রাজ্জাক ১৩ রানে তিনটি উইকেট লাভ করেন। পেসার জিয়াউর রহমান এবং স্পিনার মঞ্জুরুল ইসলাম রানা দু’টি করে উইকেট তুলে নেন।
জয়ের টার্গেট সহজ হলেও খুলনা ব্যাটসম্যানদের অমার্জনীয় ব্যর্থতায় ১৪ বল বাকি থাকতেই ১০৯ রানে গুটিয়ে যায়। খুলনার ইনিংসের সর্বোচ্চ রান আসে জামালউদ্দিন বাবুর ব্যাট থেকে। জামাল ২৬ বলে করেন ১৯ রান।
জাতীয় দলের চার ক্রিকেটার-তুষার ইমরান (২), হাবিবুল বাশার (১৭), মাঞ্জারুল ইসলাম রানা (৯), আব্দুর রাজ্জাক (৮) এবং সৈয়দ রাসেল (১৩) অল্প সংগ্রহে ফিরে যান।
রাজশাহীর সাফাক আল জাবির ২২ রানে নেন তিন উইকেট। এছাড়া ফরহাদ রেজা ও মুশফিকুর রহমান দু’টি করে উইকেট লাভ করেন।
সিলেট বনাম চট্টগ্রাম
প্রথম ওয়ানডেতে ঢাকার বিরুদ্ধে আট উইকেটে পরাজিত গতবারের রানার্স আপ সিলেট প্রথমে ব্যাট করে ৫০ ওভারে অধিনায়ক রাজিন সালেহ’র সেঞ্চুরি এবং মনিরুজ্জামানের হাফ সেঞ্চুরির বদৌলতে ছয় উইকেট হারিয়ে ২৪৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে।
দলীয় নয় রানে উদ্বোধনী ব্যাটসম্যান গোলাম রহমানের বিদায়ের পর দ্বিতীয় উইকেট জুটিতে রাজিন সালেহ এবং জাতীয় দলের বাদ পড়া ক্রিকেটার মনিরুজ্জামান ১৭২ রান যোগ করেন। মনির ১০১ বলে চারটি চারের মাধ্যমে ৭০ রান করে গাজী সালাহউদ্দিনের থ্রোতে রান আউট হয়ে যান। অন্যদিকে রাজিন সালেহ ১৫৮ বলে ছয়টি বাউন্ডারির সহায়তায় ১০০ রান করে অপরাজিত থাকেন।
বড় টার্গেট তাড়া করতে যেয়ে স্বাগতিক চট্টগ্রাম নাজমুল হোসেন এবং হাসিবুল হোসেনের মাপা বোলিংয়ে ২০১ রানে অল আউট হয়। নাজমুল ও হাসিবুল ছয়টি উইকেট ভাগ করে নেন।
চট্টগ্রামের রেজাউল করিম রাজিব ৯৪ বলে ১২টি বাউন্ডারির মাধ্যমে ৮৫ রান করলেও দলের পরাজয় ঠেকানোর জন্য তা যথেষ্ট ছিলনা। ৮৫ রানে পাঁচ উইকেট হারানোর পরও অষ্টম উইকেট জুটিতে রেজাউল এবং সাব্বির ৯৯ রান যোগ করায় চট্টগ্রাম শেষ পর্যন্ত সম্মানজনক স্কোর গড়তে সক্ষম হয়।
