ইনজামামের প্রশংসায় ইমরান
সাবেক পাকিস্তানি অধিনায়ক ইমরান খান শুক্রবার এক সংবাদ সম্মেলনে অধিনায়ক ইনজামামের প্রশংসা করে বলেন, আর্ন্তজাতিক ক্রিকেটে দেশের ক্রিকেট সাফল্য পুনরুদ্ধারে বর্তমান অধিনায়ক মূখ্য ভূমিকা পালন করেছেন।
ইমরান বলেন, ইনজামাম দলের সাফল্য পুনরুদ্ধার করেছেন এবং তিনি যেভাবে ব্যাটিং করেছেন তাতে প্রমাণ হয় তিনিই চাপের মধ্যে থেকে তিনি সেরা খেলাটা খেলতে পারেন।
ইনজামাম ফয়সালাবাদে দ্বিতীয় টেস্টের উভয় ইনিংসেই সেঞ্চুরি হাকান।
ইনজি ১০৪টি টেস্ট ম্যাচ খেলেছেন। তিনি তার গুরু আরেক পাকিস্তানি লিজেন্ড জাভেদ মিয়াদাদের ১২৪ ম্যাচে ৮,৮৩২ রান থেকে মাত্র ৮৭৭ রান পিঁছিয়ে আছেন।
ইমরান আরও বলেন, শচীন টেন্ডুলকার এবং ব্রায়ার লারার পর তিনিই হলেন সেরা ব্যাটসম্যান, যিনি চাপের মধ্যে পড়েও বিচলিত হন না।
১৯৯২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে ইমরান খানের নেতৃত্বে ইনজামাম বিশ্বকাপে খেলেন।
এ বছরের প্রথম দিকে অস্ট্রেলিয়া সফরে ইমরান ইনজামামের নেতৃত্বের সমালোচনা করেন।
ইমরান বলেন, আমি যা বলেছিলাম তাই প্রমাণিত হয়েছে। সামনে থেকে নেতৃত্ব দিতে হবে ইনজামামকে। ভারত সফরেও তাকে আরও সচেতন অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিতে হবে।
