আফ্রো এশিয়া ক্রিকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে বাংলাদেশ
ভারতে অনুষ্ঠিত আফ্রো এশিয়া অনুর্ধ্ব-১৯ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ।
শুক্রবার বিশাখাপত্তমে অনুষ্ঠিত এ ম্যাচে টসে জিতে দক্ষিণ এশিয়াকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ৩৪ দশমিক ৩ ওভারে তারা মাত্র ৯২ রান করে অলআউট হয়ে যায়। মেহরাব হোসেন এবং সোহরাওয়ার্দী শুভ তিনটি করে এবং নাবিল দুইটি উইকেট লাভ করেন।
৯৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৬ দশমিক ৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ওপেনার মেহেদী হোসেন ৪৮ বলে অপরাজিত ৩৫ রান করেন। সাকিব ছয়টি চারের সাহায্যে ৩০ বলে ২৮ রান করেন। দ্বিতীয় উইকেট জুটিতে এই দুই ব্যাটসম্যান ৬৪ রান করেন।
এর আগে পাকিস্তান এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে জয় পেলেও ভারত এবং শ্রীলংকার কাছে পরাজিত হওয়ায় ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ।
