২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রিকেটের চারদিনের ম্যাচে জ্বলে উঠলেন বাশার, নাফিস, রাজিন, রাজিব

জাতীয় দলের পেসার শাহাদত হোসেন রাজিবের পাঁচ উইকেটের উপর ভর করে ইস্পাহানী মির্জাপুর চা সপ্তম জাতীয় ক্রিকেট লিগে সিলেটের বিরুদ্ধে চার দিনের ম্যাচের প্রথম দিনেই সুবিধাজনক অবস্থানে চলে গেছে শক্তিশালী ঢাকা বিভাগ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 08:45 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সিলেটকে প্রথম ইনিংসে ২২৫ রানে অল আউট করে দিন শেষে ঢাকা এক উইকেট হারিয়ে আট রান সংগ্রহ করেছে।

চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামেও খুলনার বিরুদ্ধে প্রথম দিনটি ভালোই কাটিয়েছে স্বাগতিক দল। খুলনা বিভাগ চা বিরতির আগেই ১৯২ রানে তাদের প্রথম ইনিংস শেষ করে। জবাবে দিনশেষে চট্টগ্রামের সংগ্রহ এক উইকেটে ১২০ রান।

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিরুদ্ধে অতিথি বরিশাল বিভাগ সাত উইকেট খুইয়ে সারাদিনে সংগ্রহ করেছে ১৮১ রান।

ঢাকা বনাম সিলেট

শনিবার একই প্রতিপক্ষের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচ জয়ের নায়ক মোহাম্মদ শরীফ চারদিনের ম্যাচে দলে ছিলেন না। কিন্তু শাহাদত রাজিবের দুরন্ত বোলিং শরীফের অভাবটা বুঝতে দেয়নি একটুও। ৬৩ রান খরচায় সিলেটের পাঁচ উইকেট তুলে নিয়ে প্রথম দিনের নায়ক রাজিব।

মূলত রাজিবের এই ক্ষুরধার বোলিংয়েই সিলেট প্রথম ইনিংসে মাত্র ২২৫ রানেই গুটিয়ে যায়।

ঢাকার অধিনায়ক টসে জিতে প্রথমে ফ্লিডিংয়ের সিদ্ধান্ত নেন। দিনের প্রথম ওভারের পঞ্চম বলে রাজিব সিলেটের ওপেনার ইমতিয়াজকে তুলে নিয়ে অধিনায়কের সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমান করেন। পরে রাজিব একে একে তুলে নেন রাজিন সালেহ (সর্বোচ্চ ৬৮ রান), গোলাম মওলা (১ রান), ইজাজ আহমেদ (২১ রান) এবং আনিসুর রহমানের (৮ রান) উইকেটগুলো।

এছাড়া অধিনায়ক নিজেও মনিরুজ্জামান (৩৯ রান) এবং রেজাউল হকের (১৭ রান) উইকেট দু’টি দখল করে রাজিবকে যোগ্য সহায়তা দিয়ে যান।

জবাবে কোন রান সংগ্রহ করার আগেই ঢাকা উদ্বোধনী ব্যাটসম্যান মেহরাব হোসেন জুনিয়রকে হারায়। দিনশেষে জাভেদ ওমর পাঁচ ও সাজ্জাদ কাদির তিন রানে অপরাজিত রয়েছেন।

চট্টগ্রাম বনাম খুলনা

টসে জিতে খুলনার অধিনায়ক হাবিবুল বাশার ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও তিনি নিজে ছাড়া দলের আর কোন ব্যাটসম্যান তাদের নামের প্রতি সুবিচার করতে পরেননি। দলের ছয়জন ব্যাটসম্যান দুই অংকের ঘরেই পৌঁছতে পারেননি।

উদ্বোধনী জুটিতে সাজ্জাদুল হাসান (২৭ রান) এবং মনিরুল ইসলাম (২০রান) কিছুটা দৃঢ়তা দেখিয়েছেন। এ জুটিতে রান উঠে ৪১।

৫৬ রানে উদ্বোধনী জুটি বিদায় নেয়ার পর ওয়ান ডাউনে নামা বাশার একপ্রান্ত আগলে রাখলেও অপর প্রান্তে সতীর্থদের আসা যাওয়া দেখেছেন অসহায় ভঙ্গিতে। তাকে নিঃসঙ্গ করে একে একে ফিরে যান তুষার ইমরান, মাঞ্জারুল ইসলাম রানা এবং জামাল বাবু। চট্টগ্রামের ইলিয়াস সানী ও ওয়াসকুরনী পলাশ আটটি উইকেট ভাগাভাগি করে নেন।

বাশার নয়টি চারের সহায়তায় ৬৮ রান করেন। সাত নম্বর ব্যাটসম্যান হাসানুজ্জামান ২৮ রানে অপরাজিত থাকেন। সানী পাঁচ এবং পলাশ তিন উইকেট লাভ করেন।  

জবাবে চট্টগ্রামের দুই উদ্বোধনী ব্যাটসম্যান অধিনায়ক নাফিস ইকবাল ও মাসুমউদ্দৌলা (২৫ রান) ৫০ রান তুলে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন। দিন শেষে নাফিস ৬৩ এবং আফতাব ৩২ রানে অপরাজিত রয়েছেন। দ্বিতীয় উইকেট জুটিতে তারা স্কোর বোর্ডে আরও ৭০ রান যোগ করেন।

সিলেট বনাম বরিশাল

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেরিতে খেলা শুরু হলে স্বাগতিক দল অতিথি বরিশালকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায়। সারাদিনে সব মিলিয়ে খেলা হয় দুই সেশন।

ব্যাটিংয়ে নেমে বরিশালও সূচনা করে একেবারে যাচ্ছেতাইভাবে। ৫৫ রানেই উধাও হয়ে যায় বরিশালের পাঁচ উইকেট। ষষ্ঠ উইকেট জুটিতে তৌহিদ হোসেন ও শাহীন হোসেন ৪৩ রান করে ইনিংস কিছুটা মেরামতের চেষ্টা করেন। শাহীন ১৯ রান করে কামরুল হাসানের বলে আনিসুরের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। অন্যদিকে তৌহিদ ৪৬ রান করে সুমন সাহার শিকারে পরিনত হন।

আলী আরমান ও আরাফাত সালাহউদ্দিন যথাক্রমে ২২ ও ১৬ রানে অপরাজিত রয়েছেন।