ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ই পাকিস্তানের লক্ষ্য: উলমার
পাকিস্তানি ল্যাপটপ কোচ বব উলমার বলেন, তার দল ইংল্যান্ডের বিরুদ্ধে জয়েরধারা বজায় রাখবে। তিন টেস্ট সিরিজে পাকিস্তান প্রথম টেস্ট ম্যাচে ইংল্যান্ডকে ২২ রানে পরাজিত করে।
উলমার বলেন, টেস্ট সিরিজের প্রথম টেস্ট হিসেবে ম্যাচটি অসাধারণ ছিল। পাকিস্তান দলের জন্য এটি একটি বড় জয়। তবে এখনও অনেক ম্যাচ বাকি। টেস্ট সিরিজ জয় করাই আমাদের লক্ষ্য।
সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ড দেশের মাটিতে অ্যাশেজ সিরিজ জয়ের পর পাকিস্তানের বিরুদ্ধেই প্রথম মাঠে নামে।
তিনি বলেন, আরেকটি ম্যাচ জয় করতে পারলেই সিরিজ জয় করা যাবে। জয়ের আনন্দে তা ভুললে চলবে না। ইংল্যান্ড প্রথম টেস্টের তুলনায় ভাল খেলার চেষ্টা করবে। প্রস্তুতি ম্যাচে তারা হার মানেনি এবং ইংলিশ দলপতি মাইকেল ভনও দ্বিতীয় টেস্টে মাঠে নামবেন।
হাঁটুর ইনজুরির কারণে মাইকলে ভন প্রথম টেস্ট খেলতে পারেননি।
পাকিস্তানি কোচ বব উলমার স্মরণীয় এ জয়ে বোলারদের ভূয়সী প্রশংসা করেছেন।
দানেশ কানেরিয়া ম্যাচের পঞ্চম দিনে চার উইকেট তুলে নেন। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতার তিনটি এবং মোহাম্মদ সামি দুটি উইকেট তুলে নেন।
সাবেক ইংলিশ ব্যাটসম্যান এবং পাকিস্তানি কোচ উলমার বলেন, কানেরিয়া বড় মাপের বোলার এবং তিনি তার লক্ষ্য অর্জনেও সার্থক হয়েছেন। আর সবচে’ বড় কথা হল, এখনও সে বয়সে অনেক তরুণ।
আখতার অসাধারণ বোলিং করেছেন। তার মনোভাব চমৎকার এবং তিনি সিরিজ শুরুর আগে বলেছিলেন, তিনি তার জীবনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। আমি তার উপর খুব খুশি।
তিনি আর বলেন, আমরা বহু দিন ধরেই ভাল খেলতে পারছিলাম না। তাই এই ঘুরে দাঁড়ানোটা প্রয়োজন ছিল।
উলমার জানান, বিরতির পর দলের ঘুরে দাঁড়ানোটা তাকে সবচে’ বেশি উৎসাহিত করেছে।
উলমার ইংল্যান্ডের পক্ষে ১৯টি টেস্ট ম্যাচ খেলেছেন।
টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলা হবে ২০ নভেম্বর ফরিদাবাদে।
