কর্পোরেট ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন বেক্সিমকো
গ্রামীনফোন তৃতীয় কর্পোরেট ক্রিকেট লিগের নতুন চ্যাম্পিয়ন বেক্সিমকো গ্রুপ। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার ফাইনালে বেক্সিমকো ৫০ রানে ইপিলিয়ন গ্রুপকে হারিয়ে শিরোপা লাভ করে।
টসে জিতে বিক্সিমকোর অধিনায়ক আকরাম খান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন এবং দল নয় উইকেটে ২৭৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। জবাবে ইপিলিয়ন গ্রুপ ৪৪ দশমিক এক ওভারে ২২৬ রানে অল আউট হয়ে যায়।
বেক্সিমকোর ইনিংসে একটি মাত্র হাফ সেঞ্চুরি হলেও দলের সব ব্যাটসম্যানই রানের দেখা পাওয়ায় ২৭৬ রান করতে সক্ষম হয় চ্যাম্পিয়নরা। ৫৭ বলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন বেক্সিমকোর কেনিয়ান রিক্রুট স্টিভ টিকোলো।
টিকোলো এবং আল শাহরিয়ার তৃতীয় উইকেট জুটিতে ৪৪ রান যোগ করেন। আল শাহরিয়ার ৪৮ বলে করেন ৪০ রান। পরে মোহাম্মদ আশরাফুলকে সাথে নিয়ে আরও ৬৬ রান যোগ করেন টিকোলো। আশরাফুল ৩০ বলে দু’টি চার ও একটি ছয়ের সাহায্যে ৩২ রান করেন।
অধিনায়ক আকরাম খানও ৩১ রানের একটি কার্যকর ইনিংস খেলেন। ২৯ বলে সাজানো অধিনায়কের ইনিংসটিতে দু’টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি ছিল। এর আগে মাত্র এক রানের জন্য অর্ধশতকের দেখা পাননি বেক্সিমকোর ওপেনার রাজিন সালেহ।
প্রথম উইকেট জুটিতে রাজিন আর রাশেদুল হক ৪১ রান করে দলকে ভালো সূচনা এনে দেন। পরে দ্বিতীয় উইকেট জুটিতেও রাজিন আল শাহরিয়ারের সাথে যোগ করেন আরও ৪৮ রান।
ইপিলিয়নের পাকিস্তানি বোলার ইয়াসির আরাফাত ৪৮ রানের বিনিময়ে তিন উইকেট নেন এবং পরে ব্যাট হাতেও ৪৭ বলে ৪৬ রান করেন। এছাড়া শাহাদত হোসেন এবং অধিনায়ক দু’টি করে উইকেট লাভ করেন।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইপিলিয়নের দুই উদ্বোধনী ব্যাটসম্যান সুপারসাব সাজ্জাদুর এবং শাহরিয়ার নাফিস দলকে ভালো সূচনা এনে দেন। এই জুটিতে ১২ দশমিক ৪ ওভারে রান উঠে ৬৮।
কিন্তু স্টভ টিকোলো শাহরিয়ার নাপিসের উইকেটটি তুলে নিরে প্রথম ধাক্কা খায় ইপিলিয়ন। কয়েক ওভার পর ওয়ানডাউন ব্যাটসম্যান মনিরুজ্জামানকে (১১ রান) ফিরিয়ে দেন পেসার শাহাজাদা। ৩৯ রানে পাঁচ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটাও তুলে নিয়েছেন শাহাজাদা। সাজ্জাদ ৭৪ বলে ৪০ এবং শাহরিয়ার নাফিস ৪০ বলে ৩৩ রান করেন।
দলীয় ১৩২ রানে প্রথম উইকেট হারায় ইপিলিয়ন। এরপর অধিনায়ক তুষার ইমরান
পাকিস্তানি ইয়াসির আরাফাতকে সাথে নিয়ে নয় দশমিক তিন ওভারে ৬৬ রান যোগ করে দলের ধস ঠেকাতে সক্ষম হন। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রানও আসে অধিনায়কের ব্যাট থেকে।
কিন্তু মাত্র চার ওভারে শাহাজাদা টপাটপ চারটি উইকেট তুলে নিলে ব্যাকফুটে চলে যায় ইপিলিয়ন। বিজয়ী দলের নাজমুল হোসেন, আব্দুর রাজ্জাক এবং সুপারসাব নাদিফ চৌধুরী একটি উইকেট নেন।
খেলাশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান। ক্রিকেট বোর্ডের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু, কর্পোরেট ক্রিকেট লিগ কমিটির ভাইস চেয়ারম্যান কবির আহমেদ ভূঁঞা, সদস্য সচিব আলী হোসেন এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
