ইস্পাহানী সপ্তম জাতীয় ক্রিকেট লিগ শনিবার শুরু
ইস্পাহানী মির্জাপুর চা সপ্তম জাতীয় ক্রিকেট লিগ শনিবার থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে। উদ্বোধনী দিনে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
লিগে ছয়টি বিভাগীয় দল-ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট এবং বরিশাল হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ওয়ানডে এবং চারদিনের ম্যাচ খেলবে।
উদ্বোধনী দিনে গতবারের ওয়ানডে চ্যাম্পিয়ন স্বাগতিক রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বরিশালের বিরুদ্ধে খেলবে। এছাড়া ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা সিলেটের বিরুদ্ধে এবং চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে চট্টগ্রাম খেলবে খুলনার বিরুদ্ধে।
বুধবার এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ সভাপতি এবং টুর্নামেন্টে কমিটির চেয়ারম্যান শাহ নুরুল কবীর শাহীন এমপি। সংবাদ সম্মলনে আরও উপস্থিত ছিলেন বিসিবির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু, জাতীয় লিগের সদস্য সচিব আসাদুজ্জামান খসরু, সমন্বয়কারী আলী হোসেন, পৃষ্ঠপোষক ইস্পাহানী গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান আরী বেহরুজ ইস্পাহানী এবং এর মার্কেটিং ম্যানেজার এসএম শওকত হোসেন।
দেশের একমাত্র প্রথম শ্রেনীর ক্রিকেট টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগ তিনভাগে অনুষ্ঠিত হবে এবং জাতীয় লিগের মাঝেই অনুষ্ঠিত হবে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ।
তিন রাউন্ডের প্রথম পর্ব ১৯ থেকে ২৭ ডিসেম্বর, দুই রাউন্ডের দ্বিতীয় পর্যায় ১৮ থেকে ২৮ জানুয়ারি এবং পাঁচ রাউন্ডের তৃতীয় পর্যায় ১৮ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এবারের লিগের বাজেট ধরা হয়েছে এক কোটি ৮৫ লাখ ৭৩ হাজার ২৫০ টাকা। এরমধ্যে পৃষ্ঠপোষক দিচ্ছে ২৫ লাখ টাকা। আগের আসর অপেক্ষা এবার তারা পাঁচ লাখ টাকা কম দিচ্ছে। ইস্পাহানী গত পাঁচ বছর ধরে জাতীয় লিগের পৃষ্ঠপোষকতা করে আসছে।
স্পন্সরের অর্থের ব্যাপারে শাহীন জানান, এবার প্রতিটি বিভাগীয় দলের সাথে পৃষ্ঠপোষক হিসেবে ব্যাংকগুলোকে সংশ্লিষ্ট করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু ম্যার্কেটিং কমিটির চেয়ারম্যান আহমেদ ইকবাল হাসান সন্তানের অসুস্থতার কারনে সিঙ্গাপুর অবস্থান করায় তা সম্ভব হয়নি।
তাছাড়া নির্বাচনের পর নতুন মার্কেটিং কমিটির সাথে দূরত্বের কথাও স্বীকার করেছেন শাহীন। তবে পরিবর্তিতে পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে কিছুটা সময় লাগবে বলে জানান তিনি।
শওকত হোসেন বলেন, বিসিবির কর্মকর্তারা মাত্র তিনদিন আগে স্পন্সরের ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করে এবং আমরা ২৫ লাখ দেয়ার প্রস্তাব করলে বিসিবি সম্মত হয়।
এবার কম অর্থ দেয়ার কারণ হিসেবে তিনি জানান, গতবার লিগের কয়েকটি ম্যাচ টেলিভিশনে সম্প্রচার এবং পৃষ্ঠপোষককে সঠিকভাবে উপস্থান না করায় এবার স্পন্সরের অর্থ কমিয়ে দেয়া হয়েছে। তবে এবার যদি বিসিবি চুক্তির শর্ত পূরণ করে, তাহলে তারা বড় ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে জানান শওকত হোসেন।
বিসিবির গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু জানিয়েছেন, একমাত্র বরিশাল ছাড়া লিগের ছয়টি ভেন্যু-ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়াম, রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম, খুলনা বিভাগীয় স্টেডিয়াম, বগুড়া বিভাগীয় স্টেডিয়াম, চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়াম এবং ফতুল্লা ক্রিকেট স্টেডিয়াম জাতীয় লিগের জন্য সম্পূর্ন প্রস্তুত।
