কর্পোরেট ক্রিকেট লিগের ফাইনালে বেক্সিমকো, ইপিলিয়ন
গ্রামীনফোন তৃতীয় কর্পোরেট ক্রিকেট লিগের ফাইনালে উঠেছে বেক্সিমকো গ্রুপ ও ইপিলিয়ন গ্রুপ। মঙ্গলবার সেমিফাইনালে দল দু’টি নিজ নিজ প্রতিপক্ষকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে আকরাম খানের অধিনায়কোচিত অর্ধশতকে ভর করে বেক্সিমকো চার উইকেট হারায় গাজী ট্যাংককে। অন্যদিকে ধানমন্ডি স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইপিলিয়ন গ্রুপ এক উইকেটে হারায় অ্যাকমি ল্যাবরেটরিজকে।
বেক্সিমকো বনাম গাজী ট্যাংক
টসে গাজী ট্যাংকের অধিনায়ক খালেদ মাহমুদ প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন, কিন্তু প্রতিপক্ষের বোলারদের সাঁড়াশি আক্রমনে মাত্র ১৬০ রানে অল আউট হয়ে যায়।
দুই উদ্বোধনী ব্যাটসম্যান গোলাম রহমান (২৬ রান) এবং নাজিমউদ্দিন (২২ রান) প্রথম উইকেট জুটিতে ৪০ রান করে দলকে ভালো সূচনা এনে দিয়েছিলেন। কিন্তু এক পর্যায়ে ৮৯ রানে ছয় উইকেট হারিয়ে ধুঁকতে থাকে গাজী ট্যাংক। এ অবস্থায় মাঞ্জারুল ইসলাম রানা এবং খালেদ মাহমুদ সপ্তম উইকেট জুটিতে ২৭ রান যোগ করে কিছুটা হলেও ঝড় সামাল দেয়ার চেষ্টা করেছেন।
রানা ২০ রান করে স্পিনার আব্দুর রাজ্জাক রাজের বলে বোল্ড হন। ৫৬ বলে তিনটি চার ও দু’টি ছয়ের সাহায্যে ৪৩ রান করে খালেদ মাহমুদ আউট হয়ে যাওয়ার সাথে সাথেই গাজী ট্যাংকের ইনিংসের সমাপ্তি ঘটে।
বেক্সিমকোর নাজমুল হোসেন, স্টিভ টিকোলো, মাহবুবুল আলম এবং মেহরাব হোসেন জুনিয়র দু’টি করে উইকেট লাভ করেন।
জয়ের সহজ লক্ষে খেলতে নেমে বেক্সিমকো দলও ৩৪ রানে চার উইকেট হারিয়ে ফেলে। মাহমুদ ও রানা দু’টি করে উইকেট তুলে নেন।
পঞ্চম উইকেট জুটিতে ওপেনার রাজিন সালেহ আর অধিনায়ক আকরাম খান ৭২ রান যোগ করে দলের শক্ত ভিত রচনা করে দেন। রাজিন ৯৯ বলে ৪৪ এবং আকরাম খান ৮১ বলে ৫৯ রান করেন। এছাড়া উইকেট রক্ষক মোহাম্মদ শাহীনও ৪৩ বলে ৩৬ রান করে দলের জয় তরান্বিত করেন।
ইপিলিয়ন বনাম অ্যাকমি
প্রথমে ব্যাট করতে নেমে অ্যাকমি ৪৫ দশমিক ১ ওভারে ১৮৫ রানে অল আউট হয়ে যায়। তিন বোলার-তারেক আজিজ, ইয়াসির আরাফাত এবং শাহাদত হোসেন রাজীব সাত উইকেট ভাগাভাগি করে নিলে অ্যাকমি এর চাইতে বেশি অগ্রসর হতে পারেনি।
দলের পক্ষে ১১৫ বলে পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে সর্বোচ্চ ৫৮ রান করেন জাবেদ ওমর। এছাড়া পাকিস্তানের তারেক মাহমুদ ৩১ ও হান্নান সরকার ৩০ রান করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে ইপিলিয়ন গ্রুপ ৫৯ রানে তিন উইকেট হারিয়ে ফেললেও ওপেনার শামসুর রহমান ৭৪ বলে চারটি চার ও তিনটি বিশাল ছয়ের সাহায্যে সর্বোচ্চ ৬২ রান করে অপরাজিত থেকে যান।
পরবর্তীতে মাত্র পাঁচ রানের মধ্যে ইপিলিয়ন শেষ তিন উইকেট হারালে তাদের ফাইনাল স্বপ্ন ভেস্তে যেতে বসেছিল। জয়ের জন্য তখন প্রয়োজন ছিল মাত্র পাঁচ রান। তবে শেষ উইকেট জুটিতে তারেক আজিজ এবং শাহাদত হোসেন বিনাবাধায় দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
আলমগীর কবীর চার, মোহাম্মসদ রফিক এবং সুপার সাব হাসিবুল হোসেন দু’টি করে উইকেট লাভ করেন।
