অনুর্ধ্ব ১৭, ২০ এবং জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের জন্য হেপাইটাইটিস বি’র টিকা
অনুর্ধ্ব ১৯, অনুর্ধ্ব ২০ এবং জাতীয় দলের নব্বইজন ফুটবলারকে শুক্রবার আরামবাগস্থ ফুটবল ভবনে হেপাটাইটিস বি ভাইরাসের টিকা দেয়া হবে।
দেশের অন্যতম ওষুধ তৈরিকারী প্রতিষ্ঠান গ্লাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেডের সাথে এ ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। গ্লাক্সো বিনামূল্যে খেলোয়াড়দের এই টিকা প্রদান করবে।
ফুটবল ফেডারেশন ভবনের সম্মেলন কক্ষে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ফুটবল ফেডারেশনের সভাপতি এসএ সুলতান। ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, গ্লাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেডের কমিউনিকেশন ম্যানেজার অশোক দে রায়, ফুটবল ফেডারেশনের মেডিসিন কমিটির চেয়ারম্যান ডা. মশিউর রহমান, সম্পাদক ডা. অনুপম হোসেন এসময় উপস্থিত ছিলেন।
এসএ সুলতান বলেন, বর্তমানে স্পোর্টস মেডিসিনের গুরুত্ব অপরিসীম, কিন্তু আমরা এ ব্যাপারে সচেতন নই। তাই আমরা ফুটবলারদের হেপাটাইটিস বি ভাইরাসের টিকাদানের মাধ্যমে জনগণের মধ্যে ওষুধ সম্পর্কে সচেতনতা তৈরি করতে চাই।
তিনি আরও জানান, ধীরে ধীরে স্কুল পর্যায়ের ফুটবলারদের মধ্যেও এই টিকাদান কর্মসূচি ছড়িয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে।
অশোক দে বলেন, আমরা জনপ্রিয় সংস্থাগুলোর মাধ্যমে জনগণকে টিকা নেয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করে থাকি এবং ফুটবল ফেডারেশনের সাথে জড়িত হতে পেরে আমরা আনন্দিত।
মশিউর রহমান বলেন, আমরা দেখেছি প্রতিবছর ঢাকার বিভিন্ন লিগে অংশগ্রহনকারী ফুটবলারদের মধ্যে অন্তত পাঁচভাগ ফুটবলার হেপাটাইটিস-বি ভাইরাসে আক্রান্ত হয়। আক্রান্ত ফুটবলারদের কাছ সার্ভিস না পাওয়ায় ক্লাবগুলোও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
মোহামেডান স্পোর্টিং ক্লাব, মেরিনারস ক্লাব এবং আরামবাগ ক্রীড়া চক্রের সাথে জড়িত ডা. মশিউর বলেন, ফুটবলারদের হেপাটাইটিসের হাত থেকে রক্ষার জন্য আমরা এই টিকাদান কর্মসূচী হাতে নিয়েছি। তিনি আরও বলেন আমরা পরবর্তীতে ফুটবলারদের হেপাটাইটিস-এ ভাইরাসের টিকাও প্রদান করব। বেশিরভাগ খেলোয়াড়ই খাবার ও পানির মাধ্যমে হেপাটাইটিস-এ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়।
