২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিভিতে খেলা সম্প্রচার সম্ভব না হলে বন্ধ হয়ে যাবে জাতীয় ফুটবল লিগ

রাষ্ট্র নিয়ন্ত্রিত বাংলাদেশ টেলিভিশনে অন্তত ২০টি খেলা সম্প্রচার সম্ভব না হলে চলমান জাতীয় ফুটবল লিগ মাঝপথে বন্ধ করে দিতে হবে। রোববার ফুটবল ফেডারেশনের উর্ধ্বতন এক কর্মকর্তা এ কথা জানান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2005, 08:22 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিটিভিতে অন্তত ২০টি ম্যাচ সম্প্রচারের ব্যাপারে চুক্তিবদ্ধ। কিন্তু বিটিভি ঢাকার বাইরে থেকে কোন ম্যাচ সরাসরি সম্প্রচারের ব্যাপারে অপরাগতা প্রকাশ করেছে।

বাফুফে উপ সম্পাদক, লিগ কমিটির সম্পাদক মঞ্জুর হোসেন মালু এ ব্যাপারে জানান, বিটিভিতে যদি ২০টি ম্যাচ সম্প্রচারের ব্যবস্থা না করা যায়, তাহলে আমরা লিগ চালিয়ে যেতে পারব না। ফলে নিশ্চিতভাবেই আমরা লিগ বন্ধ করে দেব।

বিষয়টি নিয়ে বাফুফে’র কর্মকর্তাদের মঙ্গলবার তথ্যমন্ত্রী শামসুল ইসলামের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে।

বিটিভি ঢাকায় অনুষ্ঠিতব্য ১২টি ম্যাচ সম্প্রচারে রাজি হলেও নিরাপত্তাহীনতার কারনে ঢাকার বাইরের আটটি ম্যাচ সম্প্রচার করতে রাজি হয়নি।

জাতীয় লিগের দ্বিতীয় পর্বের প্রথম পর্যায়ের খেলা খুলনা স্টেডিয়ামে ২০ নভেম্বর থেকে শুরু হবে এবং তা শেষ হবে ২৪ নভেম্বর।

এরপর দশটি দল পর্যায়ক্রমে রংপুর (৩০ নভেম্বর-৪ ডিসেম্বর), চাঁদপুর (৯-১২ ডিসেম্বর) এবং কক্সবাজারে (১৯-২৩ ডিসেম্বর) খেলবে।

দ্বিতীয় পর্বে অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে-এ গ্রুপে ব্রাদার্স ইউনিয়ন, জামালপুর কাচারীপাড়া স্পোর্টিং ক্লাব, মুন্সীগঞ্জের নবনবীন সমাবেশ ক্লাব, খুলনা টাউন ক্লাব এবং বাংলাদেশ সেনাবাহিনী।

বি গ্রুপে রয়েছে-মুক্তিযোদ্ধা সংসদ, রাঙ্গামাটি মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড, ফেনী সকার ক্লাব এবং ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব।

সুপার লিগের খেলাগুলো ঢাকায় অনুষ্ঠিত হবে। ৬ ও ৭ জানুয়ারি দু’টি সেমিফাইনাল এবং ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল।