২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্পোরেট লিগের সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত

চুড়ান্ত হয়ে গেছে গ্রামীনফোন তৃতীয় কর্পোরেট ক্রিকেট লিগের সেমিফাইনালের লাইনআপ। শনিবার বি গ্রুপে বেক্সিমকো গ্রুপ এবং এ গ্রুপে গাজী ট্যাংকস ক্রিকেটার্স কাঙ্খিত জয় পাওয়ায় সেমিফাইনালের চার দল চূড়ান্ত হয়ে যায়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

বি গ্রুপের চ্যাম্পিয়ন বেক্সিমকো গ্রুপ সেমিফাইনালে এ গ্রুপের রানার্স আপ গাজী ট্যাংকের মোকাবেলা করবে। শনিবার বিকেএসপিতে বেক্সিমকো ছয় উইকেটে হারায় যমুনা ব্যাংককে।

অন্যদিকে ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে গাজী ট্যাংক হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র চার রানে হারায় নবাগত সিকিউরিটি এয়ার এক্সপ্রেসকে।

এ গ্রুপে গাজী ট্যাংক ও ইপিলিয়ন গ্রুপ পাঁচ ম্যাচে নয় পয়েন্ট করে সংগ্রহ করে। কিন্তু নেট রান রেটে গ্রুপ চ্যাম্পিয়ন ইপিলিয়ন সেমিফাইনালে বি গ্রুপের রানার্স আপ অ্যাকমির মোকাবেলা করবে।

ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে নিয়ম রক্ষার ম্যাচে আরাফ অ্যাপারেলস ১৫৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলা ক্যাটকে।

বেক্সিমকো বনাম যমুনা ব্যাংক

টসে জিতে বেক্সিমকো প্রথমে যমুনা ব্যাংককে ব্যাটিংয়ে পাঠায়। কিন্তু বেক্সিমকোর সুপার সাব হিসেবে খেলতে নামা বোলার শাহাজাদা, মাহবুব আলম, আব্দুর রাজ্জাক ও মেহরাব হোসেন জুনিয়রের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে ৪৯ দশমিক ২ ওভারে মাত্র ১৬৫ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।

জহিরুল ইসলাম সর্বোচ্চ ৪৭, জিয়াউর রহমান ২৬ এবং হাবিব কৌশিক ২৫ রান করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে বেক্সিমকোকে কোন ঝামেলাই পোহাতে হয়নি। জাতীয় দলের দুই ক্রিকেটার রাজিন সালেহ ১১১ বলে তিনটি চার ও দু’টি ছয়ের সাহায্যে ৭১ এবং মোহাম্মদ আশরাফুল ৩৭ বলে ৩০ রান করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। লিগের প্রথম সেঞ্চুরিয়ান আল শাহরিয়ার রোকন ৩৩ বলে করেন ২৮ রান।

গাজী ট্যাংক বনাম সিকিউরিটি এয়ার

গাজী ট্যাংক প্রথমে ব্যাট করার সুযোগ পেলেও রেজওয়ানুল হক নাঈম এবং বিশ্বজিৎ হালদার তাদের সাত উইকেট ভাগাভাগি করে নিলে ৪৯ ওভারে ১৯৩ রান করতে সক্ষম হয় তারা।

দুই ওপেনার গোলাম রহমান ও গাজী সালাহউদ্দিন ৪২ রান করে দলকে ভালো সূচনাও এনে দিয়েছিলেন। পঞ্চম উইকেট জুটিতে গোলাম রহমান মাঞ্জারুল ইসলাম রানাকে নিয়ে ৫৩ রানের আরেকটি জুটি গড়েন। গোলাম রহমান ৭৮ বলে সাতটি বাউন্ডারির সহায়তায় ৬৩ রান করেন। রানা ৫৯ বলে করেন ৪২ রান।

জবাবে সিকিউরিটি এয়ার নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৮৩ রান করতে সক্ষম হয়। রেজওয়ানুল হক সর্বোচ্চ ৪৯ রান করেন।

মনিরুল ইসলাম ৩৮ রানে চার এবং সুপারসাব পেসার মাঞ্জারুল ইসলাম রানা ৩৭ রানে দুই উইকেট নেন।

আরাফ বনাম বাংলা ক্যাট

এহসানুল হকের লিগের তৃতীয় সেঞ্চুরি এবং মাহবুব শিশিরের অর্ধ শতকের উপর ভর করে আরাফ অ্যাপারেলস ৫০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ২৪৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে।

দুই ওপেনার এহসানুল এবং শিশির প্রথম উইকেট জুটিতে ১৪৭ রান করে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দিয়ে যান। শিশির ৯৪ বলে ৫৪ এবং এহসানুল ১২৯ বলে ১০৮ রান করেন।

দুর্বল বাংলা ক্যাট বিশাল টার্গেট তাড়া করতে গিয়ে মাত্র ৯২ রানে অল আউট হয়ে যায়। মাহবুব আলম করেন ২০ রান।

সুপার সাব স্পিনার জামাল বাবু ২১ রানে চার এবং শাফাক আল জাবির ২২ রানে দুই উইকেট দখল করেন।