২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুলতান টেস্টের প্রথম দিনে পাকিস্তান, ইংল্যান্ড সমানে সমান

নিজেদের মাঠে যে কোন দলই শক্তিশালী। তারপর আবার তারুন্য নির্ভর পাকিস্তান দল শুরু থেকেই এগিয়ে রয়েছে মানসিকভাবে। মুলতান টেস্টের প্রথম দিনটি বলতে গেলে ভালোমন্দ মিলিয়ে কাটিয়ে দিয়েছে স্বাগতিকরা। দিনশেষে প্রথম ইনিংসে পাকিস্তান ছয় উইকেটে ২৪৪ রান সংগ্রহ করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2005, 06:50 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

অন্যদিকে দীর্ঘ ১৮ বছর পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজ জয়ের তরতাজা স্মৃতি নিয়ে পাকিস্তান আসার পর থেকে ইংল্যান্ডের সময়টা মোটেই ভালো কাটছিল না। টেস্টের আগে প্রস্ততি ম্যাচে পাকিস্তান এ দলের বিরুদ্ধে হার, একই ম্যাচে ইনজুরিতে পড়ায় অধিনায়করে প্রথম টেস্ট থেকে বাদ পড়া-সব মিলিয়ে খারাপ সময়ই বলা যায়।

তবে মুলতান টেস্টের প্রথম দিনে ম্যাচের নিয়ন্ত্রন দু’দলের দিকেই সমানভাবে ঝুঁকে ছিল।

টস ভাগ্য ইনজামামের দিকে ঝুঁকে ছিল। টসে জিতে ব্যাটিংয়ে নামার পর তাদের সূচনাটাও ছিল সাবলীল। উদ্বোধনী জুটি নিয়ে অনেকদিন ধরে পরীক্ষা নিরীক্ষার মধ্যে থাকা পাকিস্তান টিম ম্যানেজমেন্ট সালমান বাটের সাথে নতুন বলের মোকাবেলা করতে মাঠে ঠেলে দেন অল রাউন্ডার শোয়েব মালিককে। পরীক্ষায় মোটামুটি উৎরে গেছেন শোয়েব মালিক। উদ্বোধনী জুটি ৮০ রান করে দলকে ভালো একটা ভিত্তি এনে দেয়।

কিন্তু নতুন বলে অনভ্যস্থ শোয়েবের ধৈর্যচ্যুতিও ঘটে অল্প কিছুক্ষণের মধ্যে। ৭১ বলে পাঁচটি চারের সাহায্যে ৩৯ রান করে অ্যাশেজ হিরো অ্যান্ড্রু ফ্লিনটফের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন শোয়েব।

সালমানের সাথে জুটি বাধেন ইউনিস খান। একটা পর্যায়ে এই জুটিই দলের ত্রাতার ভুমিকায় অবতীর্ন হন। তারা ৮১ রানের পার্টনারশীপ গড়লে স্বাগতিকরা সে যাত্রা ইংলিশ ঝড়ের হাত থেকে বেঁচে যায়। দু’জনই ধীর স্থিরভাবে খেলে দলের রানের চাকা সচল রাখার চেষ্টা করেন। তারা কতটা ধীর স্থির ছিলেন, তা তাদের ব্যক্তিগত সংগ্রহের দিকে তাকালেই বোঝা যাবে।

সালমান বাট তিন ঘন্টা ৫৫ মিনিট ক্রিজে থেকে ১৮৩ বলে ১১টি বাউন্ডারির সহায়তায় ৭৪ রান করে উদালের বলে জোন্সের হাতে ক্যাচ তুলে দেন। আর ইউনিস খান ১০৬ বলে পাঁচটি চারের মাধ্যমে করেন ৩৯ রান।

সালমানের আউটের পর মোহাম্মদ ইউসুফ মাঠে নামলেও মাত্র পাঁচ রান করে ফ্লিনটফের বলে বোল্ড হয়ে যান। কিছুক্ষণ পর একই পথে হাঁটেন ইউনিস খান। প্রস্তুতি ম্যাচে পাকিস্তান এ দলের জয়ের নায়ক হাছান রাজা এলেন আর গেলেন। রানের খাতা খোলার আগেই রাজার স্ট্যাম্প উপড়ে ফেলেন হার্মিসন। মুহূর্তেই পাকিস্তান দলের স্কোর দাঁড়ায় চার উইকেটে ১৮১।

কিন্তু তখনও উইকেটে ছিলেন পাক দলের মূল স্তম্ভ, অধিনায়ক ইনজামাম-উল-হক। কামরান আকমলকে সাথে নিয়ে নতুন করে লড়াই শুরু করেন অধিনায়ক। ইনজি ক্রিজে থাকা মানে রানের চাকা চালু থাকা। করেছেনও তাই। কোন রকমের বিগ হিটের দিকে না গিয়ে এক দুই করে এগুতে থাকেন ইনজামাম। দিন শেষে যখন অপরাজিত অবস্থায় প্যাভিলিয়নে ফেরেন, তখন তার নামের পাশে লেখা হয়েছে ৪১ রান। ৭৯ বলে মাত্র দু’টি চার ও একটি ছয়ের সাহায্যে এই রান করেন অধিনায়ক। নিজে অপরাজিত হয়ে সাজ ঘরে ফিরলেও শেষ পরীক্ষিত ব্যাটসম্যান কামরান আকমল ৭৬ বলে ২৮ রান করে হগার্ডের বলে ভারপ্রাপ্ত অধিনায়ক ট্রেসকোথিকের হাতে ক্যাচ তুলে দেন।

অধিনায়কের সাথে এক রান নিয়ে অপরাজিত আছেন ফাস্ট বোলার মোহাম্মদ সামি।