ফ্লিনটফের বিরুদ্ধে লড়তে প্রস্তুত আফ্রিদি
পাকিস্তানি অলরাউন্ডার শহিদ আফ্রিদি ইংলিশ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের প্রতিদ্বন্দ্বিতা এবার ভালোই জমবে। আফ্রিদি ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে আফ্রিদি দলের জন্যে মূখ্য ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন।
একদিনের খেলার মারকুটে ব্যাটসম্যান আফ্রিদি ব্যাটিংয়ের পাশাপাশি লেগ-স্পিনেও বেশ পারদর্শি। তবে ওয়ানডেতে নিয়মিত খেললেও টেস্টে এখনও নিয়মিত হতে পারেন নি।
আশা করা হচ্ছে, শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠেয় প্রথম টেস্ট ম্যাচে ওপেনিং করতে পারেন আফ্রিদি।
মাত্র ১৬ বছর বয়সেই পাকিস্তানের পক্ষে তার অভিষেক ঘটে। ইতোমধ্যেই তার ঝুলিতে আছে ওয়ান ডে ম্যাচের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ১৯৯৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে নাইরোবিতে ৩৭ বলে তিনি এই কৃতিত্ব অর্জন করেন।
আফ্রিদি বলেন, সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের সাফল্যের পিছনে, বিশেষ করে অ্যাশেজ সিরিজে ফ্লিনটফের অবদান অনেক।
আসন্ন সিরিজে ভালো খেলার মাধ্যমে টেস্ট ক্রিকেটে পাকিস্তান দলে নিয়মিত জায়গা করে নেয়ার ব্যাপারে আফ্রিদি আশাবাদি।
মাত্র ১৯ টেস্ট খেলা আফ্রিদি বলেন, পেশাদার ক্রিকেটার হিসেবে এত অল্প টেস্ট খেলাটা কারও জন্যেই সন্তুষ্টির বিষয় না। আফ্রিদির কথায় ওপেনার হিসেবে খেলতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে দলের প্রয়োজনে যে কোনও অর্ডারেই ব্যাট করতে রাজি আছেন আফ্রিদি।
