ডিসেম্বরে ‘ঢাকা-কলকাতা গেমস’এ অংশগ্রহণের ব্যাপারে সম্মত বাংলাদেশ
ডিসেম্বরে ‘ঢাকা-কলকাতা গেমস’এ অংশগ্রহনের ব্যাপারে ভারতের প্রস্তাবে সম্মত হয়েছে বাংলাদেশ।
এ ব্যাপারে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছ থেকে সেপ্টেম্বরে একটি প্রস্তাব পায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। সরকারের কাছ থেকে সবুজ সংকেত পেয়েই বাংলাদেশ ভারতীয় প্রস্তাবে ইতিবাচক সাড়া দেয়।
বিওএ’র এক উধ্বতন কর্মকর্তা বিডিনিউজকে বলেন, সরকারের কাছ থেকে সবুজ সংকেত পেয়েই আমরা গেমসে অংশগ্রহনের ভারতীয় প্রস্তাবকে স্বাগত জানিয়েছি। তিনি আরও বলেন, ভারত প্রস্তাবিত ‘বাংলা গেমস’ নাম পরিবর্তন করে আমরা গেমসের নাম ‘ ঢাকা-কলকাতা গেমস’ করার পরামর্শ দিয়েছি।
বিওএ কর্মকর্তা জানান, প্রথমবারের মত এই গেমসে স্বল্প সংখ্যক ইভেন্ট রাখা হবে।
এদিকে বিডিনিউজ নয়াদিল্লি প্রতিবেদক টি ঘোষ জানান, গত বছর অনুষ্ঠিত পাঞ্জাব গেমসের সাফল্যে উদ্বুদ্ধ হয়েই ভারত এই গেমস আয়োজনে উৎসাহিত হয়েছে। পশ্চিমবঙ্গের কিছু এলাকা এবং বাংলাদেশকে নিয়ে এই গেমস আয়োজনের পরিকল্পনা ছিলো ভারতের। এবছর ২১ থেকে ২৭ ডিসেম্বর পাঞ্জাব গেমসের দ্বিতীয় আসর বসার কথা থাকলেও কাশ্মীরে ভয়াবহ ভূমিকম্পের কারনে তা বাতিল হয়ে যায়।
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের একটি সূত্র জানায়, বাংলাদেশ সরকার গেমসে অংশগহনের ব্যাপারে সম্মত হলেও গেমসের প্রক্রিয়া নির্ধারন নিয়ে আরও কাজ বাকি রয়েছে। তিনি আরও জানান, কাগজপত্র তৈরীর কাজ শুরু হয়েছে।
তিনি বলেন, প্রথমবারের মত আয়োজিত গেমসে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশর প্রতিযোগিরা অংশগ্রহন করবে।
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রনধীর সিং গতমাসে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে দুই দেশের কয়েক হাজার লোকের প্রানহানি ঘটায় পাঞ্জাব গেমস বন্ধ ঘোষণা করেন। তবে আগামী ফেব্রুয়ারিতে পাঞ্জাব গেমস অনুষ্ঠিত হতে পারে বলে তিনি জানিয়েছেন।
প্রথম পঞ্জাব গেমস গত বছর ডিসেম্বরে পাতিয়ালায় অনুষ্ঠিত হয়।
