২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার থেকে আবার মাঠে গড়াচ্ছে কর্পোরেট ক্রিকেট লিগ

তিন সপ্তাহাধিককাল বিরতির পর বুধবার থেকে আবারও মাঠে গড়াচ্ছে গ্রামীণ ফোন তৃতীয় কর্পোরেট ক্রিকেট লিগ। ঢাকার তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে লিগের চতুর্থ রাউন্ডের তিনটি ম্যাচ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2005, 07:13 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে ‘এ’ গ্রুপের শীর্ষ দল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স খেলবে গ্রুপের একেবারে নীচে থাকা ওরিয়ন গ্রুপের বিরুদ্ধে। তিন পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল এমএম ইস্পাহানী ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে লড়বে নবাগত বাংলা ক্যাটের বিরুদ্ধে। এছাড়া ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের অপর খেলায় মুখোমুখি হবে শিরোপা প্রত্যাশী অ্যাকমি ল্যাবরেটরিজ এবং যমুনা ব্যাংক।

মৌসুম শুরুর কর্পোরেট লিগ অক্টোবরে শেষ হওয়ার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা তিনবার পিছিয়ে দেয়া হয়। বিরূপ আবাহওয়ার পাল্লায় পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় লিগ এবং প্রিমিয়ার লিগসহ ঘরোয়া ক্রিকেটসূচীও পরিবর্তন করতে বাধ্য হয়। লিগ কমিটি ঈদুল ফিতরের আগে লিগ শুরুর পদক্ষেপ নিলেও অংশগ্রহণকারী দলগুলো ঈদের পর লিগ শুরুর আবেদন জানায়।

খারাপ আবাহওয়ার কারণে নীচের দিকের দলগুলোর সাথে ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় শিরোপা প্রত্যাশী এমএম ইস্পাহানী, আরাফ অ্যাপারেলস এবং অ্যাকমি ল্যাবরেটরিজ এক পয়েন্ট ভাগাভাগি করে নেয়। যেহেতু লিগে কোন রিজার্ভ ডে’র ব্যবস্থা রাখা হয়নি ফলে নিয়মানুযায়ী দলগুলো পয়েন্ট ভাগাভাগি করে নিতে বাধ্য হয়।

লিগের তৃতীয় রাউন্ড শেষে পাঁচ পয়েন্ট করে নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে গাজী ট্যাংকস ক্রিকেটার্স এবং ইপিলিয়ন গ্রুপ। তিন পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আরাফ অ্যাপারেলস ও এমএম ইস্পাহানী। এছাড়া নবাগত সিকিউরিটি এয়ার এক্সপ্রেস দুই পয়েন্ট সংগ্রহ করলেও গ্রুপের আরেক নবাগত দল বাংলা ক্যাট এখনও পয়েন্টের মুখ দেখেনি।

অন্যদিকে ‘বি’ গ্রুপের শীর্ষে যৌথভাবে অস্থান করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বেক্সিমকো গ্রুপ। দু’টি দলই পাঁচ পয়েন্ট করে সংগ্রহ করেছে। দ্বিতীয় স্থানে থাকা অ্যাকমি ল্যাবরেটরিজ এবং যমুনা ব্যাংকের সংগ্রহ তিন পয়েন্ট করে। এক পয়েন্ট করে নিজেদেরে ভান্ডারে জমা করেছে মেট্রো রিয়েল এস্টেট এবং ওরিয়ন গ্রুপ।