২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমনওয়েলথ গেমসে টুয়েন্টি২০ ক্রিকেট অন্তর্ভূক্ত হতে পারে

একদিনের ক্রিকেটের আরও সংক্ষিপ্ততম অবয়বের নতুন ধারার টুয়েন্টি২০ ক্রিকেট ২০১০ সালের নয়া দিল্লির কমনওয়েল্থ গেমসে অন্তর্ভূক্ত হতে পারে। ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সুরেশ কালমাদি এ তথ্য জানিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2005, 01:06 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

কমনওয়েলথ গেমসের প্রস্তুতি সংক্রান্ত সংশ্লিষ্ট মন্ত্রীদের সাথে সোমবারের বৈঠক শেষে কালমাদি সাংবাদিকদের বলেন, কমনওয়েলথ গেমস ফেডারেশনের (সিজিএফ) সাথে আমরা যে পাঁচটি খেলা অন্তর্ভূক্তকরণের ব্যাপারে আলোচনা করছি, ক্রিকেট তার একটি। তারা দিল্লি গেমসে ক্রিকেটকে অন্তর্ভূক্তকরণের অনুমতি দেবে বলে আমরা আত্মবিশ্বাসী।

তিনি বলেন, এ ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাথে আলোচনা চলছে। পঞ্চাশ ওভার ম্যাচের ব্যাপারে তাদের আগ্রহ না থাকায়, তারা রাজি হলে, টুয়েন্টি২০ ক্রিকেট প্রতিযোগিতা অন্তর্ভূক্ত করা হবে।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠেয় ১৯৯৮ সালের কমনওয়েলথ গেমসেও ক্রিকেট অন্তর্ভূক্ত করা হয়েছিল। কিন্তু সে সময় টেস্ট খেলুড়ে দেশগুলো তাদের সেরা দল না পাঠানোয় সিজিএফ অসন্তুষ্ট হয়।

কালমাদি বলেন, কুয়ালালামপুরে টেস্ট খেলুড়ে দেশগুলো তাদের সেরা দল পাঠায়নি। সিজিএফ সে রকম পরিস্থিতি এখন এড়িয়ে চলতে চায়। তেমন পরিস্থিতি যেন আর অবতারণা না হয়, আমাদের তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আইসিসি যদি টুয়েন্টি২০ ক্রিকেটের ব্যাপারে সবুজ সংকেত দেয়, তাহলে মেলবোর্নে আগামী বছরের ১২ মার্চের সিজিএফ সাধারণ সভায় ক্রিকেটসহ অতিরিক্ত পাঁচটি ক্যাটাগরি অন্তর্ভূক্ত করার উপর ৭১ সদস্য দেশের ভোট গ্রহণ করা হবে।

ক্রিকেট ছাড়া অপর পাঁচটি খেলা হল-তীরনিক্ষেপ, টেনিস, জুডো ও কিউ স্পোর্টস।