ম্যারাডোনার সাথে আর্জেন্টাইন ফুটবল প্রধানের বৈঠক
আর্জেন্টিনা দলে ম্যারাডোনার ভূমিকা কি হবে তা নিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রধান জুলিও গরোডানোর সাথে বৈঠক করেছেন তিনি।
বৃহস্পতিবার এএফএ-এর প্রধান কার্যালয়ে আকস্মিক এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। তবে গুজব রটে যে, ম্যারাডোনাকে যদি কোনও ক্ষমতা দেওয়া হয় তাহলে জাতীয় দলের কোচ জোসে প্যাকারম্যান পদত্যাগ করবেন।
বৈঠকের পর ম্যারাডোনা বলেন, আমি কিছু সমন্বয় করতে এসেছি, কারও অবস্থান ছিনিয়ে নিতে নয়।
তিনি আরও বলেন, আমাকে যদি সত্যিই কোনও দায়িত্ব দেওয়া হয় তাহলে সময়ই বলে দেবে দলে আমার ভূমিকা কি হবে।
ম্যারাডোনা মাদক থেকে মুক্ত হয়ে বাইপাস সার্জারি করার পর নাটকীয়ভাবে ফিরে এসেছেন। তিনি এখন বোকা জুনিয়ার্সের একজন পরিচালক হিসেবে কাজ করার পাশাপাশি একটি টেলিভিশন চ্যানেলেও কাজ করছেন।
