গ্রান্ড রয়েল চ্যালেঞ্জ ফুটবলের ফাইনালে মুখোমুখি বাফুফে একাদশ ও মায়ানমার
মায়ানমারের রাজধানী ইয়াঙ্গুনের ন্যাশনাল ইয়ুথ সেন্টারে বুধবার গ্রান্ড রয়েল চ্যালেঞ্জ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) একাদশ এবং স্বাগতিক মায়ানমার অনুর্ধ্ব ২৩ দল মুখোমুখি হবে।
চারজাতির এই টুর্নামেন্টে বুলগেরিয়ান কোচের তত্ত্বাবধানে অপরাজিত মায়ানমার অনুর্ধ্ব ২৩ দল দু’টি জয় ও একটি ড্র নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে। অন্যদিকে দু’টি জয় ও একটি পরাজয় নিয়ে গ্রুপে রানার্স আপ হয়ে ফাইনালে উঠেছে বাফুফে একাদশ।
বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় খেলা শুরু হবে। ১৯৯৫ সালে মায়ানমারে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও স্বাগতিকরা। সেইবার লিগ পর্যায়ের খেলায় স্বাগিতকদের বিরুদ্ধে হারলেও প্রয়াত ফুটবলার মোনেম মন্নার নেতৃত্বে ফাইনালে বাংলাদেশ ২-১ গোলে মায়ানমারকে হারিয়ে প্রথমবারেরমত কোন আন্তর্জাতিক টুর্নামেন্টে শিরোপা জয় করে।
আর্জেন্টিনার কোচ আন্দ্রেস ক্রুসিয়ানির হাত ধরে বাংলাদেশ টুর্নামেন্টের প্রথম ম্যাচে চীনকে ৩-১ গোলে হারিয়ে শুভসূচনা করলেও দ্বিতীয় ম্যাচে মায়ানমারের বিরুদ্ধে ১-২ গোলে হেরে যায়। শেষ ম্যাচে বাংলাদেশ ভারতকে হারিয়ে ফাইনালে খেলার দাবি জোরালো করে তোলে। অন্যদিকে চীন ও মায়ানমারের মধ্যেকার খেলাটি গোলশুন্য ড্র হলে বাংলাদেশের ফাইনালে খেলার রাস্তা পরিস্কার হয়ে যায়।
মায়ানমারের বিরুদ্ধে গ্রুপ পর্যায়ের খেলায় দলের অধিনায়ক আরিফ খান জয়, প্লেমেকার আরমান মিয়া এবং মিডফিল্ডার মতিউর মুন্নাকে স্বাগতিকরা কড়া নজরদারিতে রাখায় তারা আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেনি বলে মঙ্গলবার ইয়াঙ্গুন থেকে জানিয়েছেন দলনেতা আশরাফউদ্দিন আহমেদ চুন্নু। তিনি বলেন, ফুটবলাররা সেই ভুল কাটিয়ে উঠে ভালো খেলতে বদ্ধপরিকর এবং ফাইনালে পূর্নশক্তি নিয়েই নামবে বাংলাদেশ।
বাংলাদেশের দলের স্ট্রাইকার আরিফুল কবীর ফরহাদ তিন ম্যাচে চার গোল করে তার দক্ষতা প্রমান করেছেন, ফলে কোচ ক্রুসিয়ানিকে ফরহাদের উপরই ভরসা রাখতে হচ্ছে। কিন্তু ফাইনালে ফরহাদের খেলার ব্যাপারটি নিশ্চিত হলেও প্লেমেকার আরমান মিয়ার কার্যকর সার্ভিস থেকে বঞ্চিত হবে দল। কারণ পরপর দুই ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় আরমানের ফাইনাল খেলা হচ্ছে না।
অন্যদিকে স্বাগতিক মায়ানমারের অধিনায়ক সোয়ে মায়াত মিন গোড়ালির ইনজুরিতে আক্রান্ত হওয়ায় ফাইনালে তার খেলা নিয়ে সংশয় তৈরী হয়েছে।
আর্জেন্টাইন কোচ ক্রুসিয়ানির তত্ত্বাবধানে বাংলাদেশ দল পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন এশিয়া কাপের প্রাক বাছাই এবং ডিসেম্বরে পাকিস্তানে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশীপের প্রস্তুতি নিচ্ছে।
ফাইনালে ক্রুসিয়ানি অভিজ্ঞ ফুটবলারদের সমন্বয়ে শক্তিশালী একাদশ মাঠে নামাবে এটা ধরেই নেয়া যায়। সোমবার ভারতের বিরুদ্ধে ম্যাচে সাতজন তরুন খেলোয়াড় নিয়ে গড়া দল মাঠে নামলেও তাদের খেলা কোচ ক্রুসিয়ানির মন ভরাতে পারেনি। পরে অবশ্য বদলী হিসেবে মাঠে নামেন ফরহাদ, জয় এবং আলফাজ।
