টেস্ট দলে অভিষেক হতে যাচ্ছে মাইক হাসির
অসি ব্যাটসম্যান জাস্টিন ল্যাঙ্গার মঙ্গলবার নাম প্রত্যাহার করে নেয়ায় বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট উইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টেই ব্যাটসম্যান মাইক হাসির টেস্ট অভিষেক হতে যাচ্ছে।
শনিবার পশ্চিম অস্ট্রেলিয়ার পক্ষে আইএনজি কাপের একটি ম্যাচে খেলতে গিয়ে ইনজুরিতে আক্রান্ত ল্যাঙ্গার। ফাস্ট বোলার জেরার্ড ডেন্টনের উঠে আসা একটি বল তার পাঁজরে আঘাত করলে তিনি ওই ম্যাচ থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। ইনজুরি কাটিয়ে উঠতে না পারায় টেস্ট থেকেও তিনি নাম প্রত্যাহার করে নেন।
হাসি তার ফাস্ট ক্লাস ক্রিকেট ক্যারিয়ারে ১৫,৩১৩ রান করেছেন। অস্ট্রেলিয়ার পক্ষে অভিষেক হওয়ার আগে যে কোন ব্যাটসম্যানের চেয়ে তার রান অনেক বেশি।
তবে ল্যাঙ্গারের পরিবর্তে জায়গা পাওয়ার আগে তাকে ভিক্টোরিয়ার ক্রিকেটার ব্রাড হগের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে।
ল্যাঙ্গার দ্বিতীয় টেস্টের আগে ইনজুরি কাটিয়ে ফিরে আসতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। তিনি ২০০১ সাল থেকে অস্ট্রেলিয়ার খেলা ৫৩টি টেস্টের প্রতিটি ম্যাচেই খেলেছেন এবং প্রতিবারই ম্যাথু হেইডেনের সাথে ব্যাটিং সূচনা করেছেন।
