দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও দক্ষিণ আফ্রিকার জয়
কেপটাউনে শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৯ রানের জয় পেয়েছে স্বাগতিকরা।
কিউই ব্যাটসম্যান লু ভিনসেন্টের ৯০ রানের অনবদ্য ইনিংসটি কিছুটা হলেও সফরকারীদের জয়ের স্বপ্ন দেখালেও ধারাবাহিক উইকেট পতনে জয় থেকে ছিটকে যেতে হয় তাদের। ভিনসেন্ট ১০৯ বল মোকাবেলা করে ৯০ রান করেন। তার এ ইনিংসটি নয়টি বাউন্ডারি ও দুট ছক্কায় সাজানো ছিল। ভিনসেন্ট ৪৩তম ওভারে প্রোটিয়াস ফাস্ট বোলার মাখোয়ে এনটিনির একটি দ্রুত গতির শট ডেলিভারি মোকাবেলা করতে গিয়ে মিডউইকেটে থাকা প্রিন্সের হাতে ক্যাচ তুলে দেন।
টস জিতে প্রোটিয়াস দলপতি স্মিথ ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করে ২০১ রান। কিন্তু কিউইদের ইনিংসের চাকা ৪৭ দশমিক ৫ ওভারে ১৮২ রান তোলার পরই থেমে যায়।
ম্যাচের এক পর্যায়ে চিত্র ছিল এমন-নিউজিল্যান্ড ১২৭/৪। কিন্তু মাত্র ১১ রানের ব্যবধানে জ্যাকব ওরামের উইকেটটি প্রোটিয়াস মিডিয়াম পেসার জাস্টিন কেন্ট তুলে নিলে কিউইদের জয়ের স্বপ্ন আবারও ধূসর হয়ে যায়।
১০ বল পরে স্পিনার নিকি বোয়ে পিচের সুবিধা নিয়ে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন ব্রেনডন ম্যাককুলামকে।
বোয়ের পরবর্তী ওভারে ড্যানিয়েল ভেট্টোরি রানের খাতা খোলার আগেই ক্যাচ তুলে দেন সিলি পয়েন্টে দাড়ানো স্মিথের হাতে।
দিনের শুরুতে নিউজিল্যান্ডের পক্ষে বল হাতে জ্বলে ওঠেন স্কট স্টাইরিস এবং কেলি মাইলস।
স্টাইরিস ১০ ওভার বোলিং করে ২৯ রানের বিনিময়ে তুলে নেন দুই উইকেট। তিনি প্রোটিয়াস দলপতি স্মিথকে ব্যাক্তিগত ২৯ রানের মাথায় এবং শন পোলককে রানের খাতা খেলার আগেই প্যাভিলিয়ানে ফিরিয়ে দেন।
কিউই মিডিয়াম পেসার মাইলস ৪৪ রানের বিনিময়ে তুলে নেন চার উইকেট। তিনি ইনফর্ম ব্যাটসম্যান মার্ক বাউচারকে ব্যাক্তিগত ৪০ এবং জ্যাক ক্যালিসকে ৫১ রানের মাথায় সাজঘরে ফেরত পাঠান।
কিন্তু ক্যালিসের দৃঢ়তায় দক্ষিণ আফ্রিকা সম্মানজনক স্কোড় গড়তে সমর্থ হয়। ক্যালিস ৯৪ বল মোকাবেলা করে ৫১ রান করেন। ষষ্ঠ উইকেট জুটিতে ক্যালিস এবং বাউচার ৬২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন।
দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে দুই উইকেটে পরাজিত করেছিল।
পোর্ট এলিজাবেথে রোববার সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
