মায়ানমার ফুটবলে চীনের বিরুদ্ধে বাংলাদেশের জয়
মায়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে চার জাতি গ্র্যান্ড রয়েল ০৫ চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টে শুভ সূচনা করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার নিজেদের প্রথম খেলায় বাংলাদেশ ৩-১ গোলে হারিয়েছে শক্তিশালী চীনকে।
বাংলাদেশের ফরহাদ দু’টি এবং বদলী খেলোয়াড় কাঞ্চন একটি গোল করেন। প্রথমার্ধে বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে ছিল।
১১ মিনিটে ফরহাদ প্রথম গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন। ৪০ মিনিটে দ্বিতীয় গোলটিও করেন ফরহাদ। দলের পক্ষে ৮০ মিনিটে তৃতীয় গোল করেন বদলী স্ট্রাইকার কাঞ্চন। চীন ১৪ মিনিটে একটি গোল পরিশোধ করে।
টুর্নামেন্টের অপর দু’টি দল হচ্ছে ভারত ও স্বাগতিক মায়ানমার। বাংলাদেশ শনিবার তাদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক দল এবং সোমবার তৃতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে।
বাংলাদেশ দল: আমিনুল (বিপ্লব), হাসান আল মামুন, সুজন, নজরুল, টিটু, আরমান, জয় (অধিনায়ক), মতিউর মুন্না, উজ্জ্বল, আলফাজ (আরমান আজিজি) এবং ফরহাদ (কাঞ্চন)।
