পাকিস্তানের ভিন্ন পরিবেশ নিয়ে চিন্তিত ইংলিশ দলপতি ভন
ইংলিশ দলপতি মাইকেল ভন বুধবার বলেছেন, ইংলিশ ক্রিকেটাররা পাকিস্তান সফরে সফলতা পেতে চাইলে তাদের দ্রুত পাকিস্তানের ভিন্ন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।
সম্প্রতি ইংল্যান্ড দেশের মাটিতে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছ থেকে অ্যাশেজ ট্রফি ছিনিয়ে নেয়। তবে ভন পাকিস্তান সফরে এসে আত্মতুষ্টিতে ভুগতে বারণ করে বলেছেন, এটা আমাদের জন্য ভিন্ন পরিবেশে একটি চ্যালেঞ্জিং সিরিজ।
ইংল্যান্ড দল নীরবচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থার মধ্যে হোটেলে অবস্থান করছে। পাকিস্তানে পৌঁছার পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের মাটিতে অ্যাশেজ সিরিজ জয়ের পর পাকিস্তান সফরে জয় পেতে হলে ক্রিকেটারদের কিছু কৌশলগত পরিবর্তন আনতে হবে। দলের বেশ কিছু ক্রিকেটারের এটাই প্রথম পাকিস্তান সফর এবং তারা মুখিয়ে আছে পাকিস্তানের মাটিতে ভালো করার জন্য।
তবে ইনজুরির কারণে পাকিস্তান দলে ইংল্যান্ড দলের সাথে আসতে পারেন নাই পেস বোলার সিমন জোন্স।
জোন্সের প্রসঙ্গে তিনি বলেন, তিনি দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং অ্যাশেজ সিরিজ জয়ের পিছনে তার অবদান আছে। তবে অন্য ক্রিকেটারদের জন্য নিজেদের তুলে ধরার এটা একটা সুযোগ বলে উল্লেখ করেন তিনি।
৫৮ দিনের সফরে ইংল্যান্ড দল তিনটি টেস্ট এবং পাঁচটি ওয়ান ডে ম্যাচ খেলবে।
ইংল্যান্ড দল প্রথম তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ৩১ শে অক্টোবর পিসিবি একাদশের বিরুদ্ধে।
পাঁচ বছর আগে ইংল্যান্ড দল যখন পাকিস্তান সফর করেছিল তখন টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জয় করে নিয়েছিল। উভয় দেশের মধ্যে ২০০১ সালে অনুষ্ঠিত শেষ সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হয়।
