শ্রীলংকার বিরুদ্ধে ভারতের ১৫২ রানের বড় জয়
নাগপুরে ভারত ও শ্রীলংকার মধ্যেকার সাত ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি কারও জন্য ছিল মাঠে ফেরার আর কারও জন্য ছিল নিজের শ্রেষ্ঠত্ব প্রমানের।
মাঠে ফেরাদের তালিকায় ছিলেন অবশ্যই ভারতের মাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকর এবং শ্রীলংকার ড্যাশিং ওপেনার সনথ জয়সুরিয়া। টেনিস এলবোর ইনজুরির কাটিয়ে ছয়মাসেরও বেশি সময় পর টেন্ডুলকর ঘরোয়া ক্রিকেট দিয়ে মাঠে ফিরেছেন ঠিকই কিন্তু আন্তর্জাতিক ম্যাচে ফেরাটা বাকি ছিল, অন্যদিকে দলের সাথে ভারত সফরে এসেই ইনজুরিকে সঙ্গী করে নিয়েছিলেন জয়সুরিয়া। তবে শেষ পর্যন্ত দু’জনই খেলেছেন।
আরেকটা লড়াই ছিল, সেটা দুই অস্ট্রেলিয়ানের মধ্যে। কোচ হিসেবে ভারতের গ্রেগ চ্যাপেল আর শ্রীলংকার টম মুডির জন্য ছিল নিজেকে প্রমান করার লড়াই। সেই লড়াইয়ে প্রথম সুযোগেই টিকে গেলেন ভারত কোচ চ্যাপেল। শ্রীলংকাকে ১৫২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দল যেমন চাঙ্গা হয়ে উঠেছে তেমনি কোচ চ্যাপেলও স্বদেশী মুডির চাইতে মানসিকভাবে একটু হলেও এগিয়ে গেলেন।
সকালে গ্যালারিভর্তি দর্শকের সামনে টসে জিতে চোখ বুজে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড়। দীর্ঘদিন পর শেওয়াগকে সাথে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন টেন্ডুলকার। আর নেমেই ঝড়ো সূচনা। দলকে ৪১ রানে দাঁড় করিয়ে শেওয়াগ যখন ভাসের বলে ফিরে যান তার আগে রীতিমত ঝড় বয়ে যায় শ্রীলংকার বোলারদের উপর। মারমুখী শেওয়াগ ২৫ বলে ২০ রান করে সাঙ্গাকারার হাতে ক্যাচ তুলে দেন।
সবাইকে অবাক করে দিয়ে শচীনের সতীর্থ হিসেবে যিনি মাঠে নামলেন তিনি বল হাতেই আগুন ঝরাতে বোধকরি বেশি পছন্দ করেন। অর্থাৎ ইরফান পাঠান। কিন্তু তার ব্যাটিং দেখে কে বলবে ব্যাট চালাতে পারেন না।
লংকান বোলারদের সকল আক্রমন ভোঁতা করে দিয়ে এই দুই ব্যাটসম্যান দলের রানকে ২০৫ পর্যন্ত টেনে নিয়ে যান। ইরফান ৭০ বলে আটটি চার ও চারটি বিশাল ছক্কার সাহায্যে ৮৩ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলে দিলশানের শিকারে পরিণত হন। অন্যপ্রান্তে দীর্ঘদিন পর মাঠে ফিরেই রানের দেখা পেয়েছেন লিটল মাস্টার শচীন। সেঞ্চুরি থেকে মাত্র সাত রান দুরে থাকতেই আউট হন তিনি। মাহরুফের বলে উইকেটের পেছনে সাঙ্গাকারার হাতে ক্যাচ দেয়ার আগে টেন্ডুলকার ৯৬ বলে নয়টি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারির সহায়তায় ৯৩ রান করেন।
৪২ রানের ব্যবধানে ভারতের স্কোর দাঁড়ায় চার উইকেটে ২৪৭। তবে তখনও অনেক কিছু বাকি ছিল। ক্রিজে মহেন্দ্র ধোনী আর অধিনায়ক রাহুল দ্রাবিড়। শেওয়াগ, টেন্ডুলকার ও পাঠান যে ব্যাটিং ঝড় শুরু করে গিয়েছিলেন তা থেকে বিন্দুমাত্র সরে না এসে দ্রাবিড় ও ধোনী শ্রীলংকার বোলারদের উপর চড়াও হন। ২৮ বলে তিনটি চার ও দু’টি ছয়ের সাহায্যে ৩৮ রান করা মত ধোনীর ব্যাটিং দর্শকদের চোখ সওয়া। কিন্তু অধিনায়ক দ্রাবিড় যে বিস্ফোরক ইনিংসটি খেলেন তার দেখা মেলে কালেভদ্রে। ৬৩ বলে আটটি চার ও একটি ছয়ের সাহায্যে করা তার অপরাজিত ৮৫ রানের ইনিংসটিকে বিস্ফোরকই বলা যায়।
ভারতের ৩৫০ রান করার সাথে সাথে শ্রীলংকা মানসিকভাবে আগেই হেরে যায়। তারপর আবার যে পিচে মুরলিধরনের মত বোলার ব্যর্থ, সেই পিচেই ভারতের দুই স্পিনার সুপার সাব মুরলি কার্তিক আর হরভজন সিং মিলেই শ্রীলংকার ব্যাটিং লাইন ধসিয়ে দেন। অভিষিক্ত বোলার এস সান্থাও নেন দু’টি উইকেট। মোটামুটি নিয়মিত বিরতিতেই উইকেট তুলে নিয়েছেন ভারতীয় বোলাররা।
শ্রীলংকার ইনিংসে ইনফর্ম সাঙ্গাকারার ৪৩, টেলএন্ডার ভাসের লড়াকু ৩৭ এবং দিলহারা ফার্নান্দোর ঝড়োগতির ২৯ রান ছাড়া উল্লেখ করার মত কিছুই নেই। হারটা অবশ্যম্ভাবী বলেই ধরে নিয়েছিল লংকানরা। একে নিঃশর্ত আত্মসমর্পন ছাড়া আর কি বলা যায়।
