ইনজুরি কাটিয়ে মাঠে ফিরছেন টেন্ডুলকার
টেনিস এলবো ইনজুরির কারণে ছয়মাসেরও বেশি সময় দলের বাইরে থাকার পর মঙ্গলবার ভারতের তারকা ক্রিকেটার শচীন টেন্ডুলকার আবারও দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন।
৩২ বছর বয়সী টেন্ডুলকার শ্রীলঙ্কার বিরুদ্ধে মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া সাত ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই মাঠে নামবেন। সিরিজের প্রথম ম্যাচটি হবে নাগপুরে।
সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির স্থলে রাহুল দ্রাবিড়কে ভারতের আগামী দু’টি সিরিজের জন্য অধিনায়ক মনোনীত করা হয়েছে। নেতৃত্ব পাবার পর মঙ্গলবারই প্রথম অধিনায়ক হিসেবে মাঠে নামবেন দ্রাবিড়।
এদিকে সফরকারী শ্রীলঙ্কার ইনজুরি আক্রান্ত সনথ জয়সুরিয়া ও মুত্তিয়া মুরলিধরনকে শেষ সময়ে খেলার জন্য ফিট ঘোষণা করা হয়েছে।
টেন্ডুলকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক। একদিনের ম্যাচে তিনি ১৩,৬৩২ রান করেছেন। তারপরও ছয়মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে নিজের সেরা খেলাটা বের করার কাজটি সহজ হবে না বলে ক্রিকেট বিশেষজ্ঞরা ধারণা করছেন।
এদিকে ভারতের কোচ গ্রেগ চ্যাপেল টেন্ডুলকারের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন।
তিনি বলেন, দলের জন্য শচীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে তার সেরা খেলাটা খেলতে পারবে।
জয়সুরিয়া ও মুরলিধরন খেলার জন্য ফিট বলে ঘোষিত হওয়ায় শ্রীলঙ্কান শিবিরে স্বস্তি নেমে এসেছে।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে যে চার ব্যাটসম্যান দশ হাজার রানের মাইলফলক অতিক্রম করেছেন, জয়সুরিয়া তাদেরই একজন।
অপরদিকে মুরলিধরন (৩৩) একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৩৮৬টি উইকেট দখল করেছেন।
