২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবল ফেডারেশনের সংকটের অবসান

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় দল ম্যানেজমেন্ট কমটির পাঁচ সদস্যের পদত্যাগ করা নিয়ে গত এক সপ্তাহ ধরে চলমান অস্থির অবস্থার অবসান হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

সোমবার ফেডারেশনের সভাপতি এস এ সুলতান ম্যানেজমেন্ট কমিটির মনোনীত জাতীয় দলের ম্যানেজার ও দলনেতা হিসেবে যথাক্রমে ছাইদ হাছান কানন ও আশরাফউদ্দিন আহমেদ চুন্নুর নাম ঘোষণার মধ্য দিয়ে সংকটের অবসান হয়।

বাফুফে সভাপতি দেশের ফুটবলের বৃহত্তর স্বার্থে ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান কাজী সালাউদ্দিনসহ অন্য সদস্যদের পদত্যাগপত্র প্রত্যাহার করে ফেডারেশনে ফিরে আসার অনুরোধ জানিয়েছেন।

সোমবার সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল স্বাক্ষরিত বাফুফে’র বিবৃতিতে বলা হয়, বাফুফে সভাপতি এএফসি হতে ব্যাখ্যা নিয়ে ম্যানেজমেন্ট কমিটিকে স্বাধীনভাবে কাজ করতে সহযোগিতা করবে এবং জাতীয় দলের (বয়সভিত্তিক দলসহ) কর্মকর্তা নিয়োগে ম্যানেজমেন্ট কমিটির সুপারিশকে সম্মানের সাথে গ্রহন করবে।

বিবৃতিতে বাফুফে সভাপতি বলেন, গত ১৮ অক্টোবর ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় অনভিপ্রেত পরিস্থিতি তৈরী হওয়ায় তিনি নিজে জাতীয় দলগুলোর ম্যানেজার ও দলনেতার নির্বাচনের দায়িত্ব নেন। তিনি বলেন, তার মূল লক্ষ্য ছিল ম্যানেজার ও দলনেতা নির্বাচনের মাধ্যমে ফেডারেশনের কর্মকর্তাদের মধ্যে ঐক্য বজায় রাখা। কিন্তু তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জাতীয় দলের ম্যানেজমেন্ট কমিটির পাঁচ সদস্য পদত্যাগ করেন। এ ঘটনা দেশের ক্রীড়ামোদীদেরকে দারুনভাবে আলোড়িত করেছে।

তবে বাফুফে সভাপতি অনুধাবন করতে পেরেছেন, তার গৃহিত সিদ্ধান্তটি ম্যানেজমেন্ট কমিটির অধিকার ক্ষুন্নু করেছে এবং তিনি এখন থেকে ম্যানেজমেন্ট কমিটির সব সিদ্ধান্তের প্রতি সম্মান দেখাতে আগ্রহী।

বাফুফে নির্বাহী কমিটির সেই সভায় উত্তপ্ত বাক্য বিনিময়ের প্রেক্ষিতে ম্যানেজমেন্ট কমিটির প্রস্তাব অগ্রাহ্য করে সভাপতির পরেরদিন জাতীয় দলের বিভিন্ন গ্রুপের ম্যানজার ও দলনেতার নাম ঘোষণা করেন। এরপরই ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের ভাইস চেয়ারম্যান কাজী সালাউদ্দিন, সদস্য সচিব ছাইদ হাছান কানন, তিন সদস্য গোলাম রব্বানী হেলাল, সালাম মুর্শেদী ও ইমতিয়াজ সুলতান জনি পদত্যাগ করেন।