বাংলাদেশ দল মায়ানমার যাচ্ছে মঙ্গলবার
মায়ানমারে চারজাতি গ্র্যান্ড রয়েল’ ০৫ চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে জন্য মঙ্গলবার রওনা হচ্ছে জাতীয় ফুটবল দল।
টুর্নামেন্টে বাফুফে একাদশের ব্যানারে জাতীয় দল অংশ নিলেও-চীন, ভারত এবং স্বাগতিক মায়ানমারের বয়স ভিত্তিক দল অংশগ্রহণ করবে।
বাফুফে ভবনে সোমবার জাতীয় দলের নতুন কোচ আর্জেন্টিনার আন্দ্রেস ক্রুসিয়ানি বলেন, মায়ানমারের টুর্নামেন্টে আমাদের কোন লক্ষ্য নেই। তিনি একে এশিয়া কাপের প্রাক বাছাই পর্ব এবং সাফ ফুটবলের ওয়ার্ম আপ টুর্নামেন্ট বলতেই আগ্রহী।
১৯৭৪ সালে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার কোচ সিজার লুইস মেনেত্তির সহযোগি এই কোচ বলেন, একটি দলের জন্য ১২/১৪ দিনের অনুশীলন পর্যাপ্ত নয়। তবে স্বল্প সময়ে ছেলেদের ফিটনেস লেভেল যে পর্যায়ে পৌঁছেছে, তাতে আমি খুশি।
স্বদেশী ট্রেইনার ভিক্টর কোলম্যানের তত্ত্বাবধানে ফিটনেস ট্রেনিং নিয়ে কিছুটা সংশয় থাকলেও দলে কোন ইনজুরি নেই বলে জানান জাতীয় দলের কোচ। তবে ইনজুরির কারণে ২৪ জনের দল থেকে রজনীর বাদ পড়ায় কিছুটা মর্মাহত তিনি।
ফুটবল ফেডারেশনের বর্তমান অস্থিরতা ফুটবলারদের স্পর্শ করবে না বলে মনে করেন ক্রুসিয়ানি। কারণ প্রত্যেকেই ভালো খেলে নিজেদের সক্ষমতা প্রমান করতে বদ্ধপরিকর।
মায়ানমারে ২৭ অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী চীন। জাতীয় দল ২৯ অক্টোবর মায়ানমারের বিরুদ্ধে তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে এবং গ্রুপের শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলবে ৩১ অক্টোবর। ২ নভেম্বর ফাইনালে খেলবে শীর্ষ দু’টি দল।
