গভীর সংকটে ফুটবল ফেডারেশন
সমস্যা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের পদাঙ্ক অনুসরণ করে জাতীয় দলের ম্যানেজার কাম দলনেতা আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু রোববার পদত্যাগ করায় সংকট আরও ঘনীভুত হয়েছে। তবে ফেডারেশনের যুগ্ম সম্পাদকের পদ ছাড়েন নি চুন্নু।
জাতীয় ফুটবল দল মায়ানমারে একটি চারজাতি র্টুামেন্টে অংশগ্রহনের উদ্দেশ্যে মঙ্গলবার দেশ ছাড়বে।
ফুটবল ফেডারেশনের সভাপতি আনোয়ারুল হক হেলাল বিডিনিউজকে জানান, জাতীয় দলের ম্যানেজার ও দলনেতা নির্বাচনের ব্যাপারে সোমবার সিদ্ধান্ত হবে।
এদিকে ফেডারেশনের কোষাধ্যক্ষ শাহ আলম চৌধুরী বাফুফে ভবনে তার কক্ষ বরাদ্দের জন্য লিখিত আলটিমেটাম দিয়েছেন। ফুটবল ফেডারেশনের সদ্য নির্মিত নতুন ভবনে কোষাধ্যক্ষের কোন কক্ষ নেই। সব মিলিয়ে হ-য-ব-র-ল অবস্থায় চলছে ফুটবল ফেডারেশনের কাজ। কর্মকর্তারা ঘর সামাল দিতেই গলদঘর্ম।
ফেডারেশনের সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবর পাঠানো লিখিত আলটিমেটামে শাহ আলম চৌধুরী বলেন, কোন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থায় কোষাধ্যক্ষের কক্ষ পদের দিক থেকে চতুর্থ স্থানে। বিষয়টি আপনাদের জানা আছে বলে আমার বিশ্বাস।
তিনি বলেন, এএফসি এবং ফিফা কর্তৃক প্রকাশিত সকল জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার বুকলেটে নির্বাহীদের নামের তালিকায়ও বিষয়টির উল্লেখ রয়েছে।
ফিফা এবং এএফসি’র তালিকা অনুযায়ী, কোন সংস্থার সভাপতি, সিনিয়র সহ সভাপতি ও সাধারণ সম্পাদকের পরই কোষাধ্যক্ষের অবস্থান।
এ ব্যাপারে শাহ আলম সাংবাদিকদের জানান, কক্ষ বরাদ্দ না দিলে আমার পক্ষে কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করা সম্ভব নয়।
কক্ষ বরাদ্দ না দিলে তার করণীয় কি হবে, জানতে চাইলে তিনি বলেন, কক্ষ বরাদ্দ না দিলে আমি ফেডারেশনের কোন চেকে সই করব না। কারন, আর্থিক বিষয়ে কোন অনিয়ম ধরা পড়লে ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় আমিই বিপদে পড়ব।
তিনি জানান, বাফুফের সব চেকে তিনি সই করলেও সে সবের ভাউচার তিনি পরীক্ষা করে দেখেন নি।
শাহ আলম চৌধুরী বাফুফে ভবনের অভ্যন্তরীন সাজসজ্জার খরচ সম্পর্কেও সাংবাদিকদের তথ্য দেন। তিনি বলেন, এই কাজে মোট বিল হয়েছে ৬০ লাখ টাকা। আমি ৩০ লাখ টাকার ভাউচার পেয়েছি। বাকি টাকার ব্যাপারে আমার কিছু জানা নেই।
শাহ আলম তার কক্ষ নিয়ে সৃষ্ট সমস্যার ব্যাপারে বলেন, কিছু লোক চায় না, আমি এই পদে বহাল থাকি। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি ফুটবল ফেডারেশনের নির্বাচিত কোষাধ্যক্ষ, কারও দয়া বা অনুগ্রহ নিয়ে আমি এখানে আসি নি।
ফেডারেশনের বর্তমান সংকট সম্পর্কে তিনি বলেন, জাতীয় দলের ম্যানেজার ও দলনেতা নির্বাচনে সভাপতি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন নি এবং আমি বলতে চাই, ফুটবল ফেডারেশন নেতৃত্বের সংকটে ভুগছে। তিনি আরও বলেন, ফেডারেশনের উর্ধ্বতন কর্মকর্তারা নীতি নির্ধারনে আমার সাথে কখনও আলোচনা করেনি।
সালাউদ্দিনের পদত্যাগ সম্পর্কে শাহ আলম বলেন, সালাউদ্দিন সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।
বর্তমান সংকটের কারণ হিসেবে তিনি বলেন, যিনি মূল সমস্যার সৃষ্টি করেছেন, তিনি দেশের ফুটবলের জন্যই একটি সমস্যা এবং সবাই তার পূর্বেকার কর্মকান্ড সম্পর্কে অবহিত।
লিখিত বিবৃতিতে শাহ আলম জাতীয় দলের ম্যানেজমেন্ট কমিটির গৃহিত সিদ্ধান্তকে সঠিক বলে উল্লেখ করেন।
এর আগে ম্যানেজমেন্ট কমিটির পাঁচজন সদস্যই পদত্যাগ করেন। ফেডারেশন সভাপতি এস এ সুলতান উদ্ভুত সংকট সম্পর্কে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমানকে অবহিত করেন। ক্রীড়া প্রতিমন্ত্রী সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাফুফে সভাপতিকে পরামর্শ দিয়েছেন এবং এ ব্যাপারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
