২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট ম্যাচ সম্প্রচার স্বত্ব নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর কাছে আইসিসি’র চিঠি

ভারতের মাটিতে সব ধরনের আন্তর্জাতিক ম্যাচের টেলিভিশন সম্প্রচার স্বত্ব ঝামেলামুক্ত রাখার জন্য অগ্রাধিকার ভিত্তিতে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের হস্তক্ষেপ কামনা করে চিঠি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পার্থ মুখোপাধ্যায়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2005, 08:05 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

বৃহস্পতিবার এক বিবৃতিতে আইসিসি এই চিঠির ব্যাপারটি নিশ্চিত করে জানিয়েছে, আইসিসি ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে বৃহস্পতিবার কেবিনেট বৈঠকের আগেই ভারতের টেরেষ্ট্রিয়াল টেলিভিশনে অগ্রাধিকার ভিত্তিতে আন্তর্জাতিক ম্যাচগুলো সম্প্রচারের ব্যাপারে হস্তক্ষেপ কামনা করে পত্র দেয়া হয়েছে। বিবৃতিতে বিশদ কিছু বলা হয়নি।

এদিকে শ্রীলংকার সাথে আসন্ন সাত ম্যাচের ওয়ানডে সিরিজের টেলিভিশন সম্প্রচার স্বত্বের অমীমাংসিত বিষয় নিয়ে বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের মার্কেটিং কমিটির গুরুত্বপূর্ন সভা অনুষ্ঠিত হচ্ছে। নাগপুরে ২৫ অক্টোবর শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ।

টেলিভিশন সম্প্রচার স্বত্ব নিয়ে আইসিসি’র উদ্বেগের কারন হতে পারে মর্যাদাপূর্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। কারণ বিশ্বকাপের পর সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট এই চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে এই সম্প্রচার স্বত্ব মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী প্রণব মুখার্জীর নেতৃত্বাধীন ‘গ্রুপ অব মিনিস্টার’ (জিওএম) বেসরকারি চ্যানেলগুলোকে অবশ্যই সরকারি মালিকানাধীন এবং প্রসার ভারতীর নিয়ন্ত্রনাধীন দুরদর্শনের সাথে সম্প্রচারের বিষয়টি ভাগাভাগি করে নেয়ার পরামর্শ দিয়েছে। জিওএম জাতীয় গুরুত্বপূর্ন বিষয় সম্পর্কেও এই ভাগাভাগি করে নেয়ার পরামর্শ দিয়েছে।

এসব বিষয় নিয়ে আলোচনা করতেই নয়াদিল্লিতে বৈঠকে বসতে যাচ্ছে ইউনিয়ন কেবিনেট।

কিন্তু সমস্যা হলো, এক বছর ধরে আদালতে মামলা চলার কারণে শ্রীলংকার বিরুদ্ধে আসন্ন সিরিজের সম্প্রচার স্বত্ব নির্ধারন করতে পারেনি রণবীর সিং মাহেন্দ্র’র নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মাকের্টিং কমিটি।

বিসিসিআই’র সম্প্রচার স্বত্বের দরপত্রগুলো ভারতীয় কোম্পানীগুলোর বিপক্ষে ছিল বলে উল্লেখ করে দিল্লি হাই কোর্টের শরনাপন্ন হয়েছে অন্যতম দরপত্র জমাদানকারী প্রতিষ্ঠান জি টেলিফিল্মস লিমিটেড।