২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার কাছে হার মানল বিশ্ব একাদশ

সিডনিতে আইসিসি সুপার টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়া বিশ্ব একাদশকে ২১০ রানের বড় ব্যবধানে হারিয়ে টেস্ট ক্রিকেটেও নিজেদের শ্রেষ্ঠত্ব আবারও প্রমাণ করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2005, 12:12 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

অ্যাশেজে মান হারানো অস্ট্রেলিয়া প্রতিপক্ষ হিসেবে তারকাদের পেয়ে যেন জ্বলে ওঠে।

আগের দিনের ২৫/২ নিয়ে খেলতে নেমে বিশ্ব একাদশ সোমবার চতুর্থদিনের মধ্যাহ্নভোজের কিছুক্ষণের মধ্যেই ১৪৪ রানে অলআউট হয়ে যায়।

বিশ্ব একাদশকে দুইশ’র নিচে অলআউট করে দেওয়ার ক্ষেত্রে প্রথম ইনিংসের মতও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অস্ট্রেলিয়ার স্পিন জুটি শেন ওয়ার্ন ও স্টুয়ার্ট ম্যাকগিল। ম্যাকগিল ৪৩ রানে পাঁচটি ও শেন ওয়ার্ন ৪৮ রানে তিনটি উইকেট লাভ করেন।

আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়, ব্রায়ান লারা এবং পাক অধিনায়ক ইনজি মধ্যাহ্নভোজের আগেই প্যাভেলিয়ানে ফেরত আসেন।

দ্রাবিড় ২৩ রানে ওয়ার্নের বলে ম্যাথু হেইডেনের হাতে ক্যাচ দেন। প্রথম ইনিংসে পাঁচ রানে আউট হওয়া লারা ক্রিজে থাকার চেষ্টা করেছেন। তবে শেষ পর্যন্ত তাকেও হার মানতে হয়। লারা ৩৬ রান করে ওয়ার্নের বলে উইকেট রক্ষক এডাম গিলক্রিস্টের হাতে ধরা দেন।

ইনজামামের খাতায় কোনও রান জমা না হওয়ার আগেই ব্রেট লি’র ইয়র্কারে এলবিডব্লিউ হয়ে প্যাভেলিয়নে ফিরে আসেন।

মধ্যাহ্নভোজের পর খেলা শেষ করতে অস্ট্রেলিয়ান বোলারদের খুব বেশিক্ষণ হাত ঘুরাতে হয়নি। ম্যাকগিল বিশ্ব একাদশের টেল এন্ডার ও মিডল অর্ডারে ধস নামিয়ে অস্ট্রেলিয়ার জয়কে সহজ করে তোলেন। ফ্লিনটফ, ভেট্টোরি, হার্মিসন ও মুরলিধরনকে তিনি প্যাভেলিয়ানের পথ চেনান। শেষ পাঁচ উইকেটের চারটিই তার দখলে যায়।

প্রথম ইনিংসের ৩৯ রানে চার উইকেটসহ ম্যাচে ম্যাকগিলের শিকার ৮২ রানে নয় উইকেট।

অবশ্য টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক শেন ওয়ার্নও খুব একটা পিছিয়ে নেই। দ্রাবিড় ও লারার পর ওয়ার্ন বিশ্ব একাদশের উইকেট রক্ষক মার্ক বাউচারকে (১৭) আউট করেন। দুই ইনিংস মিলিয়ে ওয়ার্ন ৭১ রানে ছয় উইকেট লাভ করেছেন।

ক্যালিস ও ফ্লিনটফের ৫২ রানের জুটিটিই বিশ্ব একাদশের আশা বাঁচিয়ে রেখেছিল। ফ্লিনটফ ১৫ রান করে ম্যাকগিলের বলে দ্বাদশ খেলোয়াড় ব্রাড হগের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেও ক্যালিস শেষ পর্যন্ত ৩৯ রান করে অপরাজিত থাকেন। বিশ্ব একাদশের দ্বিতীয় ইনিংসে এটাই ছিল সর্বোচ্চ স্কোর।

বিশ্ব একাদশের পাঁচ ব্যাটসম্যান কোন রান না করেই আউট হয়েছেন। অধিনায়ক গ্রায়েম স্মিথ থেকে শুরু করে ইনজামামুল হক, ভেট্টোরি, হার্মিসন ও মুরলিধরন এ তালিকায় রয়েছেন।

প্রথম ইনিংসে ম্যাচের একমাত্র সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে ৭৭ রান করার সুবাদে ম্যাথু হেইডেন ম্যান অব দ্য ম্যাচ মনোনীত হয়েছেন।

ম্যাচের সংক্ষিপ্ত স্কোর : টস : অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া ৩৪৫ ও ১৯৯;

বিশ্ব একাদশ ১৯০ ও ১৪৪।

ফলাফল : অস্ট্রেলিয়া ২১০ রানে জয়ী।

ম্যান অব দ্যা ম্যাচ : ম্যাথু হেইডেন।