২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্ন ও ম্যাকগিলের ঘূর্ণিতে প্রথম ইনিংসে ধরাশায়ী বিশ্ব একাদশ

শেন ওয়ার্ন এবং স্টুয়ার্ট ম্যাকগিল তাদের লেগস্পিন জাদুর সাহায্যে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আইসিসি সুপার টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে বিশ্ব একাদশ দলের তারকা ব্যাটসম্যানদের একে একে ধরাশায়ী করেছেন। বিশ্ব একাদশ দলের প্রথম ইনিংস থেমে যায় মাত্র ১৯০ রানে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2005, 02:09 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

শেন ওয়ার্ন ১২ রানের বিনিময়ে তুলে নেন তিন উইকেট। ওয়ার্নের বলে বীরেন্দ্র সেওয়াগ (৭৬), জ্যাক ক্যালিস (৪৪) এবং মার্ক বাউচার (০) আউট হন। ভারতীয় ব্যাটসম্যান সেওয়াগ যখন ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন তখনই তাকে প্যাভিলিয়ানে ফিরিয়ে দেন ওয়ার্ন। সেওয়াগ ৮২ বল মোকাবিলা করে ১৪টি বাউন্ডারির সাহায্যে ৭৬ রান করেন।

ম্যাকগিলের শিকারে পরিণত হন ইনজামাম উল হক, ফ্লিনটফ, হার্মিসন এবং মুত্তিয়া মুরালিধরন।

ম্যাকগিলের বলে ব্যক্তিগত এক রানের মাথায় পাকিস্তানি দলপতি ইনজামাম উল হক নিজের ভারসাম্য হারিয়ে দাগের বাইরে চলে যান। সেই সুযোগে উইকেট কিপার অ্যাডাম গিলক্রিস্ট তাকে স্ট্যাম্পিং করে দেন।

চা বিরতির আগে ওয়ার্ন ফিরিয়ে দেন প্রোটিয়াস ক্যালিস এবং বাউচারকে।

শেন ওয়ার্নের বলে ক্যালিসের ক্যাচটি দারুনভাবে ধরেন স্লিপে দাঁড়ানো ম্যাথু হেইডেন। ক্যালিস ব্যক্তিগত ৪৪ রান করে আউট হন।

বাউচারকে রানের খাতা খোলার আগেই ফিরিয়ে দেন ওয়ার্ন।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৩৪৫ রান তাড়া করতে গিয়ে চা বিরতি পর্যন্ত বিশ্ব একাদশ সাত উইকেটে সংগ্রহ করে ১৫৭ রান।

বিশ্ব একাদশ শিবিরে প্রথম আঘাত হানেন ব্রেট লি। তিনি বিশ্ব একাদশের অধিনায়ক গ্রায়েম স্মিথকে ব্যক্তিগত ১২ রানের মাথায় গিলক্রিস্টের গালিতে ক্যাচ তুলে দিতে বাধ্য করেন।

অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা দ্রুত ফিরিয়ে দেন রাহুল দ্রাবিড় এবং ব্রায়ান লারাকে।

লাঞ্চের পরেই ম্যাকগ্রা ফিরিয়ে দেন উইন্ডিজ ব্যাটসম্যান লারাকে। লারার উইকেট তুলে নেয়ার সাথে সাথে গ্লেন ম্যাকগ্রা ওয়েস্ট ইন্ডিজের বোলার কোর্টনি ওয়ার্শের টেস্ট ক্রিকেটে ৫১৯ রানের রেকর্ড ভেঙ্গে ফেলেন। গ্লেন ম্যাকগ্রা ১১৩ টেস্ট ম্যাচে ৫২০টি উইকেট পেয়েছেন।

১৩১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া এক উইকেট হারিয়ে ৬৬ রান সংগ্রহ করেছে। ২২ রান করে ক্যালিসের বলে আউট হয়ে গেছেন ল্যাঙ্গার। প্রথমে ইনিংসের সেঞ্চুরিয়ান হেইডেন ও অধিনায়ক পন্টিং ক্রিজে রয়েছেন। দিনের খেলা বাকি রয়েছে আরও ১৩ অভার।