২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাহুল দ্রাবিড়কে স্বাগত জানিয়েছেন চ্যাপেল

ভারতের জাতীয় ক্রিকেট দলের কোচ গ্রেগ চ্যাপেল দলের নতুন অধিনায়ক হিসেবে রাহুল দ্রাবিড়ের নাম ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2005, 04:55 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

দীর্ঘদিনের সহ-অধিনায়ক রাহুল দ্রাবিড় ‘প্রিন্স অব ক্যালকাটা’ নামে খ্যাত সৌরভ গাঙ্গুলির স্থলাভিষিক্ত হলেন। দ্রাবিড় আসন্ন ভারতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার সাথে সিরিজে নেতৃত্ব দিবেন।

চ্যাপেল বলেন, দ্রাবিড় একজন দারুন ক্রিকেটার। দেশকে নেতৃত্ব দেয়ার রেকর্ড তার রয়েছে। তার দৃষ্টিভঙ্গি ইতিবাচক এবং ক্রিকেট সম্পর্কে তার জ্ঞানও ভাল।

দ্রাবিড় ভারতকে পাঁচটি টেস্ট ও ১৭টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন।

ক্যাপ্টেন হিসেবে দ্রাবিড় মাঝারি মানের সাফল্য অর্জন করেছেন। বিশেষ করে একদিনের ক্রিকেটে। তবে ব্যাট হাতে সফল হওয়ার পাশাপাশি দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে গিয়ে দ্রাবিড় আসন্ন সিরিজে নতুন এক পরীক্ষার সম্মুখীন হবেন।

তবে তারকা খেলোয়াড় শচীন টেন্ডুলকারের প্রত্যাবর্তন দ্রাবিড়ের জন্য সুখবরই বটে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম দুটি একদিনের ম্যাচের জন্য ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে শচীন রয়েছেন।

ইঞ্জুরির জন্য গাঙ্গুলি ও কাইফকে প্রথম একদিনের ম্যাচে দলে রাখা হয়নি। অপরদিকে ভিভিএস লক্ষণ দল থেকে বাদ পড়েছেন।

দলের একমাত্র নতুন মুখ বাইশ বছর বয়সী দ্রুতগতির বোলার শ্রী সান্থ।