অ্যাসেজ পরাজয় সত্ত্বেও অস্ট্রেলিয়ার কোচের পদে বহাল থাকছেন বুকানন
অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলের কোচ জন বুকানন ২০০৭ সালের ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ ক্রিকেট পর্যন্ত কোচ হিসেবেই দায়িত্ব পালন করবেন।
শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে তার কোচ থাকার বিষয়টি নিশ্চিত করা হয়।
ইংল্যান্ডের কাছে অ্যাসেজ ট্রফি হারানোর ফলে গুজব উঠেছিল যে, জন বুকাননকে জাতীয় ক্রিকেট দলের কোচের পদ থেকে সরিয়ে দেয়া হতে পারে। কিন্তু শুক্রবারের ক্রিকেট অস্ট্রেলিয়ার ঘোষণায় গুজব অসত্যে পরিণত হল।
ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান বব মেরিম্যান বলেন, পরবর্তী বিশ্বকাপের আগেই আমরা অ্যাসেজ ট্রফি ফেরত চাই।
বব মেরিম্যান বলেন, চলতি বছর ইংল্যান্ডে যা ঘটেছে, তার ফলাফল পাল্টে দিতে জন বুকাননের একটি সুযোগ প্রয়োজন। বুকানন সে ফলাফল পাল্টে দিতে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করবেন।
মেরিম্যান আরও বলেন, ‘অস্ট্রেলিয়া এখনও বিশ্বের এক নম্বর টেস্ট ও ওয়ানডে দল। জনের মাঠের বাইরে কৃতিত্ব ও সফলতা দলের মাঠের কৃতিত্ব ও সফলতায় রূপান্তরিত হবে এবং তার ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আমরা আশা করছি’।
ইংল্যান্ড থেকে ফেরত আসার পর অস্ট্রেলিয়া সুপার সিরিজের তিনটি ম্যাচেই বিশ্ব একাদশকে হোয়াইট ওয়াশ করে ওয়ানডে সিরিজ জয় করেছে।
বুকানন ১৯৯৯ সাল থেকে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব পালন করছেন।
