হেইডেন-গিলক্রিস্টের ব্যাটে ভর করে সুবিধাজনক অবস্থানে অস্ট্রেলিয়া
ম্যাথু হেইডেনের ২২তম টেস্ট সেঞ্চুরি ও উইকেট রক্ষক অ্যাডাম গিলক্রিস্টের মারমুখো অর্ধ সেঞ্চুরির কল্যাণে বিশ্ব একাদশের সাথে ছয় দিনের সিডনি টেস্টের প্রথম দিনের খেলা শেষে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সুবিধাজনক অবস্থানে রয়েছে।
টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া ছয় উইকেট হারিয়ে ৩৩১ রান সংগ্রহ করেছে। হেইডেন ১১১ রান করেন। অ্যাডাম গিলক্রিস্ট ৯৪ রানে এবং শ্যান ওয়ার্ন এক রানে অপরাজিত রয়েছেন।
দিনের শুরুতে ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টিভ হার্মিসনের বলে ল্যাঙ্গার শূন্য রানে আউট হয়ে গেলে প্রাথমিকভাবে চাপের মুখে পড়ে স্বাগতিক অস্ট্রেলিয়া। এরপর অ্যান্ড্রু ফ্লিনটফ অধিনায়ক রিকি পন্টিংকে ব্যক্তিগত ৪৬ রানে আউট করলেও ততক্ষণে অস্ট্রেলিয়া প্রাথমিক ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হয়।
পন্টিং ফ্লিনটফের বলে ক্যালিসের হাতে ক্যাচ দেয়ার আগে হেইডেন-পন্টিং দ্বিতীয় উইকেট জুটিতে ৭৩ রান সংগ্রহ করেন।
গিলক্রিস্ট-হেইডেন পঞ্চম উইকেট জুটিতে ৯৭ রান সংগ্রহ করেন।
১৮০ বলের ইনিংসে হেইডেন ১২টি বাউন্ডারি মারেন। দিনের শেষ সেশনে শ্রীলঙ্কার অফ স্পিন বোলার মুত্তিয়া মুরলিধরনের বলে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসের হাত ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত আসেন।
১০৯ বলের ইনিংসে গিলক্রিস্ট আটটি চার ও চারটি ছয়ের মার মেরেছেন।
অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক ৩৯ রান করে নিউজিল্যান্ডের বাম হাতি স্পিনার ডেনিয়েল ভেট্টোরির বলে সিলি মিডঅফে ভারতের বীরেন্দর শেহভাগের হাতে ক্যাচ দিয়ে আউট হন।
অপর আউট হওয়া দুই ব্যাটসম্যান অল্প সংগ্রহেই ফিরে যান। সাইমন কাটিচ কোন রান না করেই বিশ্ব একাদশ দলের অধিনায়ক গ্রায়েম স্মিথের সরাসরি থ্রোতে রান আউট হন। অবশ্য অলরাউন্ডার শন ওয়াটসন ২৪ রান করতে সক্ষম হন।
বিশ্ব একাদশের পক্ষে মুরলিধরন দু’টি এবং হার্মিসন, ফ্লিনটফ ও ভেট্টোরি-প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন।
আলোর স্বল্পতার কারণে পাঁচ ওভার বাকি থাকতেই প্রথম দিনের খেলা শেষ করা হয়।
