এশিয়ান দাবা চ্যাম্পিয়নশীপের সপ্তম রাউন্ডে জয় পেয়েছেন রাকিব
হায়দ্রাবাদের কোটলা বিজয়া ভাস্কর রেড্ডি ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার পঞ্চম এশিয়ান দাবা চ্যাম্পিয়নশীপের সপ্তম রাউন্ডে জয় পেয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাষ্টার আব্দুল্লাহ আল রাকিব।
রাকিব জয় পেলেও এই রাউন্ডে হেরে গেছেন গ্রান্ডমাষ্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মাষ্টার রিফাত বিন সাত্তার ও এনামুল হোসেন রাজীব। চার পয়েন্ট সংগ্রহ করে রাকিব ১৫ দাবাড়ুর সাথে পঞ্চম স্থানে রয়েছেন। ১৪ জনের সাথে সাড়ে তিন পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছেন জিয়া এবং রাজীব। রিফাতের সংগ্রহ তিন পয়েন্ট।
ছয় পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে অবস্থান করছেন চীনের গ্রান্ডমাষ্টার লি শিলং। সপ্তম রাউন্ড শেষে সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন চীনের গ্রান্ড মাষ্টার ঝাং ঝং, কাজাখস্তানের গ্রান্ড মাষ্টার কাঝঘালিয়েভ মার্তাস এবং সাদ্ভাকাসভ দারমেন। পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছেন পাঁচ দাবাড়ু।
