২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানের কোচ হলেন মানিক

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পুরনো ক্লাবেই ফিরলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2005, 08:40 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

বৃহস্পতিবার দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের কোচ হিসেবে তিনি যোগ দিয়েছেন। মোহামেডানের সাথে তার এই গাঁটছড়া ১৫ মাসের জন্য।

মানিকের নিয়োগ কার্যকর হবে বুধবার থেকে এবং তা বলবৎ থাকবে ২০০৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। মতিঝিলে মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রাঙ্গনে কোচ হিসেবে মানিকের নাম ঘোষণা করা হয়।

এছাড়া দলের ম্যানেজার পদে ইমতিয়াজ সুলতান জনি, ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দিপক ভৌমিক এবং ফুটবল কমিটির সম্পাদক হিসেবে আমিরুল ইসলাম বাবুকে নিয়োগ দেয়া হয়েছে।

ক্লাবের সাধারণ সম্পাদক লোকমান হোসেন, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান, নবনিযুক্ত কোচ শফিকুল ইসলাম মানিক এবং সাবেক ফুটবলাররা এসময় উপস্থিত ছিলেন।

ক্লাবের সাধারণ সম্পাদক লোকমান হোসেন বলেন, মানিকের নিয়োগ নিয়ে আমরা ক্লাবের নির্বাহী ও সাধারণ সভায় বিস্তর আলোচনা করেছি এবং ক্লাবের অধিকাংশ সদস্য এবং সাবেক ফুটবলাররা এক বাক্যে মানিককে দেশের সেরা কোচ হিসেবে রায় দিয়েছেন।

তিনি বলেন, সব দিক বিবেচনা করেই আমরা মানিককে ক্লাবের ফুটবল কোচ হিসেবে নিয়োগ দিয়েছি এবং তার তত্ত্বাবধানে মোহামেডান ভালো ফলাফল করবে বলে আশা করছি।

চলতি মৌসুমে শক্তিশালী দল গঠন এবং জাতীয় দলের সাবেক কোচ কোরিয়ার ম্যান ক্যাং ইয়াং কে নিয়োগ করেও মোহামেডান স্পোর্টিং ক্লাব স্বাধীনতা কাপের শিরোপা ঘরে তুলতে পারেনি। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় তাদের।

ক্যাংকে বাদ দিয়ে সাবেক দুই ফুটবলার টিটু ও পনিরের হাতে দলের কোচের দায়িত্ব তুলে দেয়া হয়। কিন্তু সাবেক দুই ফুটবলারও দলকে ফেডারেশন কাপের শিরোপা এনে দিতে ব্যর্থ হন। ফলাফল হিসেবে বিদায় নিতে হয় টিটু ও পনিরকে।

দলের কোচ হিসেবে আগমন ঘটে আরেক সাবেক ফুটবলার কাজী জসিমউদ্দিন জোসির। তার হাত ধরে প্রিমিয়ার ফুটবলে ভালো লড়াই করেও শেষ পর্যন্ত শিরোপা হাতছাড়া হওয়ায় নিজেই দায়িত্ব ছেড়ে দেন জোসি। লিগে রানার্স আপের ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকতে হয় সাদাকালোদের।

শফিকুল ইসলাম মানিক ১৯৮৬ থেকে ৯৬ পর্যন্ত মোহামেডানের জার্সি গায়েই মাঠ দাপিয়ে বেড়িয়েছেন। আর ক্যাংয়ের সহকারী হিসেবে নিজের কোচিং ক্যারিয়ারের সূচনাও এই মোহামেডানেই। আবার পুরনো ক্লাবে ফিরতে পেরে আনন্দিত মানিক বলেন, যেহেতু মোহামেডান কোচকে স্বাধীনভাবে কাজ করার অনুমতি দিয়েছে, তাই আমি মনে করি, এখানে স্বাধীনভাবে কাজ করতে পারবো।

শুধু ভালো স্কোয়াড গড়েই শিরোপা জয় করা যায় না বলে মনে করেন মানিক। তার মতে, এর জন্য ভাগ্যেরও সহায়তা দরকার। আর ভাগ্য সহায় না থাকায় এবার ভালো দল গড়েও মোহামেডান কোন শিরোপা নিজেদের ঘরে তুলতে পারেনি।