২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দলের ক্রিকেটারদের পুরস্কৃত করল বেক্সিমকো

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক বিজয়ের রূপকার জাতীয় দলের ক্রিকেটারদের বুধবার পুরস্কৃত করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2005, 07:35 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

ইংল্যান্ডের কার্ডিফে ১৮ জুন ন্যাটওয়েস্ট সিরিজে বাংলাদেশ পাঁচ উইকেটে হারায় অস্ট্রেলিয়াকে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেক্সিমকো গ্রুপের ডেপুটি চেয়ারম্যান সালমান এফ রহমান, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিইও নাজমুল হাসান এবং বাংলাদেশ জাতীয় দলের কোচ ডেভ হোয়াটমোর।

প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বেক্সিমকো ও আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমান বলেন, দেশ বর্তমানে একটি কঠিন সময় পার করছে। একমাত্র খেলাধুলা, বিশেষ করে ক্রিকেটই পারে সবাইকে ঐক্যের কাতারে দাঁড় করাতে। তাই খেলাধুলার দিকেই আমাদের বেশি মনোযোগ দেয়া উচিত।

তিনি দেশের ক্রীড়াক্ষেত্রে বেক্সিমকোর অবদানের কথা উল্লেখ করে বলেন, বেক্সিমকো গ্রুপ দেশের ক্রিকেট, ফুটবল, দাবা এবং ব্যাডমিন্টনে সহযোগিতা করছে। বর্তমানে ২৪ জন খেলোয়াড় বেক্সিমকোতে কাজ করছে বলে জানান সালমান রহমান।

বেক্সিমকোতে চাকরিরত জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল বলেন, গত তিন বছর ধরে বেক্সিমকো ভালো খেলতে পারেনি, কিন্তু এবার আমরা শিরোপার জন্যই লড়াই করব।

চলতি গ্রামীনফোন তৃতীয় কর্পোরেট ক্রিকেট লিগের অন্যতম শক্তিশালী দল বেক্সিমকো।

জাতীয় দলের কোচ ডেভ হোয়াটমোর তার বক্তব্যে বলেন, বিশ্ব ক্রিকেটেরে র‌্যাংকিংয়ে আমরা এখনও নীচে অবস্থান করছি। এ অবস্থার উত্তরণ ঘটাতে হবে। সেই লক্ষ্যেই আমরা চেষ্টা করে যাচ্ছি। কিন্তু সর্বশেষ শ্রীলংকা সফরে আমরা হতাশাজনক পারফরম্যান্স দেখিয়েছি।

অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ী স্কোয়াডের ১৫ ক্রিকেটার, কোচ, ম্যানেজার, ফিজিওথেরাপিষ্ট, ট্রেইনার ও কম্পিউটার এনালিস্টকে দশ লাখ ২৫ হাজার টাকা আর্থিক পুরস্কারে ভূষিত করা হয়। ক্রিকেটার প্রত্যেককে ৫০ হাজার এবং কোচ, ম্যানেজার, ফিজিও এবং কম্পিউটার এনালিস্ট প্রত্যেককে ২৫ হাজার টাকা করে প্রদান করা হয়।

ম্যাচে ১০১ বলে ১১টি চারের সহায়তায় অনবদ্য সেঞ্চুরির নায়ক মোহাম্মদ আশরাফুলকে আরও এক লাখ টাকা পুরস্কার দেয়া হয়।

জাভেদ ওমর, তুষার ইমরান, মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ রফিক, খালেদ মাসুদ, তাপস বৈশ্য, খালেদ মাহমুদ, রাজিন সালেহ, মাঞ্জারুল ইসলাম রানা, শাহরিয়ার নাফিস, ট্রেইনার পল ক্লোজ, কম্পিউটার এনালিস্ট নাসির আহমেদ নাসু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে জাতীয় দলের অধিনায়ক হাবিবুল বাশার, নাফিস ইকবাল, আফতাব আহমেদ, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল হোসেন, জাতীয় দলের ম্যানেজার লে. কর্ণেল (অব) আব্দুল লতিফ ও ফিজিও স্টুয়ার্ট কার্পিনেন এসময় উপস্থিত ছিলেন না।