ইংল্যান্ড দলের পাকিস্তান সফর যথা সময়ে হবে
ভূমিকম্পের কারণে পাকিস্তানে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হওয়া সত্ত্বে¡ও ইংল্যান্ড ক্রিকেট দল নির্ধারিত সময়ে পাকিস্তান সফর করবে বলে ইসিবি’র যোগাযোগ পরিচালক জানিয়েছেন।
শনিবার উত্তর পাকিস্তান, ভারত এবং আফগানিস্থানে ভূমিকম্পের আঘাতে হাজার হাজার মানুষ এখন খোলা আকাশের নিচে জীবনযাপন করছে। আবাসিক এলাকা এবং যোগাযোগ মাধ্যমগুলোও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসিবি’র যোগাযোগ পরিচালক কলিন গিভসন বলেন, তারা বৈদেশিক ও কমনওয়েলথ অফিস, পাকিস্তান সরকার এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব পালন করবেন। তিনি আরও বলেন, তাদেরকে সফর পেছানোর পরামর্শ দেওয়া না হলে তারা পূর্ব নির্ধারিত সময় অনুযায়ীই সফরে যাবেন।
গিভসন বলেন, তারা অস্ট্রেলিয়ায় চলমান সুপার সিরিজে পিসিবি’র চেয়ারম্যানের সঙ্গে অবস্থানরত তাদের চেয়ারম্যান ডেভিড মরগানের মাধ্যমে পাকিস্তানের উদ্দেশ্যে শোকবার্তা পাঠিয়েছেন। তারা পাকিস্তানের জন্য ত্রাণ তহবিল বৃদ্ধির জন্য চেষ্টা করছেন বলে গিভসন জানান।
