জাতীয় ক্রিকেট দলের কোচ, প্রধান নির্বাচকের সাথে বিসিবির কর্মকর্তাদের বৈঠক
আগামী চারমাসের কর্মপরিকল্পনা নির্ধারন করতে মঙ্গলবার জাতীয় দলের কোচ ডেভ হোয়াটমোর ও প্রধান নির্বাচক ফারুক আহমেদের সাথে এক বৈঠকে মিলিত হন ক্রিকেট বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা।
কোচ এবং প্রধান নির্বাচকের সাথে বিসিবির হাই অফিসিয়ালদের বৈঠকে চলমান কর্পোরেট লিগ, আসন্ন জাতীয় লিগ এবং প্রিমিয়ার ডিভিশন লিগের ক্রিকেটারদের ট্রেনিং, ফিটনেস ও ফিল্ডিং ক্যাম্প নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানিয়েছেন বোর্ডের সাধারণ সম্পাদক মাহবুব আনাম।
মাহবুব আনাম জানান, জাতীয় দলের ২২ ক্রিকেটার কর্পোরেট লিগ চলাকালীন সময়ে খেলার মধ্যে বিরতিতে কোচ হোয়াটমোরের তত্ত্বাবধানে অনুশীলনে অংশ নিতে পারবেন। তিনি জানান, জাতীয় দলের মধ্যবর্তী অনুশীলন শিগগিরই শুরু হবে এবং জাতীয় দলের কোচ ডেভ কর্পোরেট লিগের খেলা দেখার জন্য ঢাকার বাইরের ভেন্যুগুলো সফর করবেন।
তিন সদস্য বিশিষ্ট নির্বাচক কমিটির দুই সদস্য আতাহার আলী খান ও গোলাম নওশের প্রিন্স দেশের বাইরে অবস্থান করায় মঙ্গলবারের বৈঠকে যোগ দেননি।
বিসিবি সম্প্রতি নতুন প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করার জন্য কোচ এবং নির্বাচকদের কর্পোরেট লিগের খেলা দেখার পরামর্শ দিয়েছে।
