আইসিসি’র বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় ফ্লিনটফ
ইংল্যান্ডের তারকা খেলোয়াড় অ্যান্ড্রু ফ্লিনটফ চলতি বছরের আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা পাঁচ খেলোয়াড়ের একজন মনোনীত হয়েছেন।
২০০৪ সালে প্রথমবারের মতো চালু হওয়া আইসিসি’র বর্ষসেরা খেলোয়াড় নির্বাচন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হবে।
২০০৪ সালে ফ্লিনটফ ওয়ানডে’তে বর্ষ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।
ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেন একদিনের আন্তর্জাতিক কোটায় এবং উদীয়মান খেলোয়াড়ের কোটায় মনোনীত হয়েছেন।
উদীয়মান খেলোয়াড়দের পাঁচজনের তালিকায় ইংল্যান্ডের ইয়ান বেলও রয়েছেন।
ফ্লিনটফ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পেতে পাকিস্তানের অধিনায়ক ইনজামামুল হক, দক্ষিণ আফ্রিকার জ্যাকুয়াস ক্যালিস, অস্ট্রেলিয়ার উইকেট কিপার অ্যাডাম গিলক্রিস্ট ও গ্লেন ম্যাকগ্রার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।
ক্রিকেটের অস্কার নামে পরিচিত পুরস্কারটি দশ টেস্ট খেলুড়ে দেশের ক্যাপ্টেন, আট আম্পায়ার, সাত ম্যাচ রেফারি এবং ২৫ জন ক্রিকেট ব্যক্তিত্বকে নিয়ে গঠিত ৫০ সদস্য বর্ষ চারটি কোটায় বর্ষ সেরা খেলোয়াড় নির্বাচিত করবেন।
এর পাশাপাশি সুনীল গাভাস্কার, স্যার রিচার্ড হ্যাডলি, কোর্টনি ওয়ালশ, ডেভিড গাওয়ার এবং রডনি মার্শ বছরের একদিনের ও টেস্টের দল ঘোষণা করবেন।
সিডনির অনুষ্ঠানে বছরের সেরা আম্পায়ার ও স্পিরিট অব ক্রিকেট পুরস্কারও ঘোষণা করা হবে।
বছরের সেরা টেস্ট খেলোয়াড়ের কোটায় মনোনয়ন পেয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট, ইনজামামুল হক, জ্যাকুয়াস ক্যালিস, গ্লেন ম্যাকগ্রা ও শেন ওয়ার্ন।
অ্যান্ড্রু ফ্লিনটফ, অ্যাডাম গিলক্রিস্ট, ব্রেট লি, কেভিন পিটারসেন ও অ্যান্ড্রু সাইমন্ডস বছরের সেরা একদিনের আন্তর্জাতিক খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন।
অপরদিকে সেরা উদীয়মান খেলোয়াড়ের কোটায় বাংলাদেশের আফতাব আহমেদ, ইয়ান বেল, দিনেশ কার্তিক, কেভিন পিটারসেন এবং এবি ডি ভিলিয়ার্স মনোনীত হয়েছেন।
২০০৪ সালের ১ আগস্ট থেকে ২০০৫ সালের ৩১ জুলাই পর্যন্ত পারফরমেন্স বিবেচনায় এনে খেলোয়াড়দের মনোনয়ন দেয়া হয়েছে।
