২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্পোরেট ক্রিকেট লিগ সোমবার শুরু

ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আরাফ অ্যাপারেলস এবং ইপিলিয়ন গ্রুপের মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে সোমবার থেকে মাঠে গড়াচ্ছে গ্রামীনফোন তৃতীয় কর্পোরেট ক্রিকেট লিগ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান লিগের উদ্বোধন করবেন। উদ্বোধনী দিনে আরও দু’টি খেলা অনুষ্ঠিত হবে। বিকেএসপিতে মুখোমুখি হবে বাংলা ক্যাট এবং গাজী ট্যাংক ক্রিকেটার্স। অন্যদিকে ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে মেট্রো রিয়েল এস্টেট লড়বে বিমান বাংলাদেশের বিরুদ্ধে।

বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রোববার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লিগ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ সভাপতি শাহ নুরুল কবির শাহীন এমপি। পৃষ্ঠপোষক গ্রামীনফোনের ব্যবস্থাপনা পরিচালক এরিক অস, মার্কেটিং বিভাগের পরিচালক কফিল এসএইচ মুয়ীদ এবং টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আলী হোসেন এসময় উপস্থিত ছিলেন।

গ্রমীন ফোনের ব্যবস্থাপনা পরিচালক এরিক অস বলেন, কর্পোরেট ক্রিকেট লিগ ক্রিকেটারদের জন্য একটা ভালো ক্ষেত্র এবং আমরা তৃতীয়বারের মত এর সাথে সম্পৃক্ত হতে পেরে আনন্দিত। তিনি বলেন, গ্রামীনফোন আগের মত এখনও বাংলাদেশের ক্রিকেটের অগ্রগতিতে বদ্ধপরিকর।

এক প্রশ্নের জবাবে কফিল বলেন, আগের দু’টি আসরে অংশ নিলেও এবার গ্রামীনফোন শুধু পৃষ্ঠপোষকতার দিকেই জোর দিয়েছে বেশি। তিনি বলেন, নতুন কর্পোরেট হাউসকে সুযোগ করে দিতেই আমরা এবারের তৃতীয় আসর থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছি।

সংবাদ সম্মেলনে বিসিবি সহ সভাপতি শাহ নুরুল কবির শাহীন বলেন, কর্পোরেট লিগে নিয়মিতভাবে অংশগ্রহনকারী দলগুলো যাতে ক্রিকেট বোর্ডে কাউন্সিলরশীপ পেতে পারে সেলক্ষ্যে তিনি বোর্ডের বার্ষিক সাধারণ সভায় একটি প্রস্তাব রেখেছেন।

শাহীন জানান, কর্পোরেট লিগে খেলার মাধ্যমে অন্তত ১৫ জন ক্রিকেটার বেক্সিমকো, বিমান এবং অ্যাকমি ল্যাবরেটরিতে স্থায়ী চাকুরী লাভ করেছেন।

লিগের ১২টি দল দু’টি গ্রুপে ভাগ হয়ে দেশের ছয়টি ভেন্যুতে খেলবে। ভেন্যুগুলো হচ্ছে-ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়াম, বিকেএসপি মাঠ, ফতুল্লা ক্রিকেট স্টেডিয়াম, খুলনা বিভাগীয় স্টেডিয়াম, বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম এবং চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়াম। দু’টি গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনালে খেলবে। সুপার সাব এবং পাওয়ার প্লে অর্ন্তভুক্ত হতে যাচ্ছে।

লিগে অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে-

গ্রুপ এ: আরাফ অ্যাপারেলস, বাংলা ক্যাট, এমএম ইস্পাহানী লিমিটেড, সিকিউরিটি এয়ার এক্সপ্রেস, গাজী ট্যাংক ক্রিকেটার্স, ইপিলিয়ন গ্রুপ।

গ্রুপ বি: যমুনা ব্যাংক, বেক্সিমকো গ্রুপ, মেট্রো রিয়েল এস্টেট, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, অ্যাকমি ল্যাবরেটরিজ, ওরিয়েন্টাল গ্রুপ।