অস্ট্রেলিয়াই সেরা, বিশ্ব একাদশ হোয়াইটওয়াশ
ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ হারানোটা যে দুর্ঘটনা ছিল সেটি আবারও প্রমাণ করল অস্ট্রেলিয়া।
অন্যদিকে সুপার সিরিজে হোয়াইটওয়াশ ঠেকাতে মরিয়া বিশ্ব একাদশ আবারও ব্যর্থ হলো অস্ট্রেলিয়ার বিজয় রথ থামাতে। রোববার মেলবোর্নের টেলস্ট্রাডোমে সুপার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বিশ্ব একাদশকে ১৫৬ রানে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব সারা বিশ্বকে আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। এর সাথে সিরিজও জিতে নিল ৩-০তে।
প্রথম দুই ম্যাচের মত শেষ ম্যাচেও টসে জিতে অসি অধিনায়ক রিকি পন্টিং ব্যাটিং বেছে নেন। এরপর যথারীতি পূর্বের দুই ম্যাচের রিপ্লে করল ব্যাটসম্যানরা। অর্থাৎ বিশ্ব একাদশের সেরা বোলারদের তুলোধুনো করে পাঁচ উইকেট হারিয়ে ২৯৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বিশ্ব চ্যাম্পিয়নরা।
শেষ ম্যাচে কিন্তু খুব একটা সফল হতে পারেননি দুই ওপেনার গিলক্রিস্ট আর মাইকেল ক্লার্ক। গিলক্রিস্ট স্বভাব সুলভ ৩১ বলে দু’টি চার ও একটি ছয়ের সাহায্যে ৩২ রান করে বোলার পোলকের হাতেই ক্যাচ তুলে দেন। গিলক্রিস্টের সঙ্গী ক্লার্ক করেন তিন রান।
এরপর ব্যাট হাতে রিকি পন্টিং খেলেন এক অধিনায়কোচিত ইনিংস। ৫৮ থেকে দলের রানকে নিয়ে যান ১৪৩ এ। সাথে ছিলেন ডেমিয়েন মার্টিন। মুরলিধরনের বলে লারার হাতে ক্যাচ দেয়ার আগে পন্টিং ৮৪ বলে আটটি চার ও একটি ছয়ের সাহায্যে করেন ৬৮ রান। কিন্তু এরপরই মাত্র সাত রানের ব্যবধানে সাইমন্ডস আর মার্টিন সাজঘরে ফিরে গেলে কিছুটা চাপের মধ্যে পড়ে অসিরা।
তবে সেটা অল্প সময়ের জন্য। মাইক হাসি আর শ্যেন ওয়াটসন অস্ট্রেলিয়াকে সেই চাপটা বুঝতেই দেননি। হাসি ৭৫ এবং ওয়াটসন ৬৬ রান করে অপরাজিত থাকেন।
২৯৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে বিশ্ব একাদশের ব্যাটসম্যানরা রান করার সাহস না দেখিয়ে দেখালেন আত্মাহুতির দুঃসাহস। যে উইকেটে অসি ব্যাটসম্যানরা তাদের বোলারদের বেধড়ক খেলে তিন ম্যাচেই পাহাড়সম রান করল, সেই উইকেটেই বিশ্ব একাদশের বাঘা বাঘা ব্যাটসম্যানরা যেন ব্যাট ধরতেই ভুলে গেলেন।
পুরো বিশকে হতবাক করে দিয়ে তারা মাত্র ১৩৭ রানে অল আউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান আসে ভারতের বিরেন্দর শেওয়াগের ব্যাট থেকে। এছাড়া অ্যাশেজ হিরো ফ্লিনটফ করেন ২১ রান। বিশ্ব একাদশের পাঁচজন ব্যাটসম্যান দুই অংকের ঘরে পা-ই রাখতে পারেননি।
ওয়ানডে সিরিজেই বিশ্ব একাদশের এই বেহাল দশার প্রেক্ষিতে ১৪ অক্টোবর থেকে সিডনিতে শুরু হতে যাওয়া ছয় দিনের টেস্টে তারা বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে, সেটি দেখার জন্য ক্রিকেটপ্রেমীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
