২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব একাদশকে ৫৫ রানে হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ জয়

আইসিসি সুপার সিরিজের দ্বিতীয় ম্যাচেও হারল বিশ্ব একাদশ। এ জয়ের ফলে তারকাদের ৫৫ রানে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নরা সিরিজ নিশ্চিত করল। অস্ট্রেলিয়া এখন সিরিজে ২-০ তে এগিয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2005, 07:09 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

মেলবোর্নের ডকল্যান্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। অ্যাডাম গিলক্রিস্টের শতকের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে চার উইকেটে ৩২৮ রানের হ্যান্ডসাম ইনিংস গড়ে তোলে। জবাবে বিশ্ব একাদশ ৪৫ দশমিক তিন ওভারে ২৭৩ রান তুলতেই সবগুলি উইকেট হারিয়ে ফেলে।

টসে জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং ব্যাট করার সিদ্ধান্ত নেন। অধিনায়কের সিদ্ধান্ত যে সঠিক ছিল তা প্রমাণ করেন দুই ওপেনার গিলক্রিস্ট ও ক্যাটিচ। উদ্বোধনী জুটিটি ছিল ১১০ রানের। ১৯ দশমিক তিন ওভারে ব্যক্তিগত ৪৭ রানে আউট হন ক্যাটিচ। দলের পক্ষে গিলক্রিস্ট ৭৯ বলে ১০৩ রানের সুনামি ইনিংস অস্ট্রেলিয়াকে তিনশ’র কোটা ছাড়িয়ে নেয়। এছাড়া পন্টিং ৬৬, মার্টিন ৫৪, সাইমন্ডস ৩১ এবং ক্লার্ক ১৭ রান করেন। বিশ্ব একাদশের পক্ষে ফ্লিনটফ, মুরালিধরন এবং শেওয়াগ একটি করে উইকেট লাভ করেন।

৩২৯ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে গেইল এবং শেওয়াগ বিশ্ব একাদশের ব্যাটিংয়ের সূচনা করেন। দলীয় মাত্র ২৭ রানে শেওয়াগ ব্রেট লি’র একটি বাউন্সারে কাবু হয়ে পন্টিংয়ের হাতে ধরা পড়ে প্যাভেলিয়ানের পথ ধরেন। তার ব্যক্তিগত সংগ্রহ ২১ রান। বিশ্ব একাদশের পক্ষে গেইল ও সাঙ্গাকারা ছাড়া আরন তেমন কেউই অস্ট্রেলিয়ান বোলারদের তোপের মুখে দাঁড়াতে পারেননি। মুরালিধরনের পরিবর্তে খেলতে নামা সুপার সাব গেইল ৫৪ রানের ইনিংস খেলেন। সাঙ্গাকারা ৬১ রানের ইনিংস খেলে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে যান। তবে ভাল খেলতে থাকা ফ্লিনটফ ৪২ রান তুলে খেই হারিয়ে ফেলেন। এছাড়া আর সবাই ছিলেন মোটামুটি ফ্লপ।

এ ম্যাচেও লারা ব্যর্থ। গত ম্যাচে শুন্য রানে আউট হওয়ার পর এবার তিনি ব্যক্তিগত ৫ রানে প্যাভেলিয়ানে ফিরে আসেন।

ক্যালিস ১১, রাহুল দ্রাবিড় ২৬, পিটারসন ১৬, পোলক ১৫, ভেট্টোরি ১১ এবং শোয়েব আখতার ২ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে ব্রাঙ্কেন তিনটি, ক্লার্ক দুইটি এবং লি, ওয়াটসন এবং সাইমন্ডস একটি করে উইকেট লাভ করেন।