কেনিয়াতে ওয়ান ডে খেলার প্রস্তাব প্রত্যাখান করেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে
টেস্ট ক্রিকেটে সংগ্রাম চালিয়ে যাওয়া বাংলাদেশ এবং জিম্বাবুয়ে উভয় দলই কেনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের ওয়ান ডে খেলার প্রস্তাব প্রত্যাখান করেছে।
কেনিয়া ক্রিকেট বোর্ড তাদের দলকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে একটি সুযোগ করে দেওয়ার জন্য এ প্রস্তাব দিয়েছিল বলে স্থানীয় কর্মকর্তারা জানান।
ইংল্যান্ডে ২০০৪ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়ার পর কেনিয়া ইন্টারন্যাশনাল ক্রিকেটে আর মাঠে নামেনি।
নামিবিয়া যাওয়ার পথে কেনিয়া জিম্বাবুয়ে ‘এ’ দলের বিরুদ্ধে দু’টি তিন দিনের ম্যাচ খেলবে। তবে একটি ওয়ান ডে ম্যাচ আয়োজনের জন্য কেনিয়া জিম্বাবুয়েকে অনুরোধ করেছিল। বাংলাদেশের মতো পরাজয়ের ভারে জর্জরিত জিম্বাবুয়ে জানায়, তাদের খেলোয়াড়দের বিশ্রামের প্রয়োজন রয়েছে। এ কারণে তারা খেলতে পারবে না।
কেনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সামির ইনামদার বলেন, আমরা উভয় দেশের ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছি এবং উভয় বোর্ডই একই ধরনের উত্তর দিয়েছে। তবে আমরা তাদের সাথে আন্তরিক সম্পর্ক বজায় রেখে চলবো।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্ব র্যাঙ্কিংয়ে দলের অবস্থানকে সমৃদ্ধ করার লক্ষ্যে নভেম্বর এবং জানুয়ারির মধ্যে কেনিয়া এবং জিম্বাবুয়ে দলকে নিয়ে একটি ত্রি-দেশীয় সিরিজ আয়োজনের ঘোষণা দিয়েছে।
