২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় সাঁতারে সবুরার তিনটি জাতীয় রেকর্ড

মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে কেয়া কসমেটিকস ২১তম জাতীয় সাঁতার প্রতিযোগিতার তৃতীয় দিন সোমবার তিনটি নতুন জাতীয় রেকর্ড করেছেন বিজেএমসির সাঁতারু সবুরা খাতুন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2005, 09:20 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

সবুরা খাতুন ২০০ মিটার ও ৮০০ মিটার ফ্রিস্টাইল এবং ২০০ মিটার ব্যাকস্ট্রোকে জাতীয় রেকর্ড গড়েন।

২০০ মিটার ফ্রিস্টাইলে সবুরা ২০০৪ সালে নিজের গড়া রেকর্ড (দুই মিনিট ৩২ দশমিক ৫৫ সেকেন্ড) ভেঙ্গে নতুন জাতীয় রেকর্ড গড়েন। তিনি সময় নেন দুই মিনিট ৩০ দশমিক ৬৫ সেকেন্ড।

৮০০ মিটার ফ্রি স্টাইলে সবুরা ১১ মিনিট দুই দশমিক ৪৩ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড করেন। আগের রেকর্ডটিও ১১ মিনিট ১৭ দশমিক ৩৩ সেকেন্ড) তিনি করেন ২০০৪ সালে।

২০০ মিটার ব্যাকস্ট্রোকে জাতীয় রেকর্ড গড়তে সবুরা সময় নেন দুই মিনিট ৫২ দশমিক ৯৪ সেকেন্ড। দুই মিনিট ৫৫ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ডটি গড়েছিলেন কমলা আক্তার।

প্রতিযোগিতার তৃতীয় দিন শেষে পুরুষদের বিভাগে নৌবাহিনী ১২টি স্বর্নপদক নিয়ে শীর্ষে অবস্থান করছে। দু’টি স্বর্ণপদক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিকেএসপি। অন্যদিকে ছয়টি স্বর্ণপদক জিতে মহিলা বিভাগের শীর্ষে রয়েছে বিজেএমসি। চারটি করে স্বর্ণপদক নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছে আনসার ও বিকেএসপি।

পুরুষদের ৫০ মিটার বাটারফ্লাইয়ে নৌবাহিনীর জুয়েল রানা ২৫ দশমিক ৭৪ সেকেন্ড সময় নিয়ে সাফ রেকর্ড অতিক্রম এবং জাতীয় রেকর্ড গড়েন। ২৬ দশমিক ০৪ সেকেন্ড সময় আগের রেকর্ডটিও তিনি করেন ২০০৪ সালে।

তৃতীয় দিন আরেকটি জাতীয় রেকর্ড হয় ৪ x ১০০ মিটার ফ্রিস্টাইল রিলে ইভেন্টে। চার মিনিট ৪২ দশমিক ৬৪ সেকেন্ড সময় নিয়ে এই ইভেন্টে জাতীয় রেকর্ড গড়েন বিকেএসপির আফসানা তালুকদার, মাহফুজা খাতুন, সোনিয়া আক্তার ও নাসিমা খাতুন।

পুরুষদের ১৫০০ মিটার ফ্রিস্টাইলে ১৮ মিনিট ২২ দশমিক ৬৫ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অধিকার করেন বিকেএসপির মফিজুর রহমান। মহিলাদের ৫০ মিটার বাটারফ্লাইয়ে আনসারের লাবনী আক্তার জুঁই স্বর্নপদক লাভ করেন।

নৌবাহিনীর রুবেল রানা তার আগের চারটি স্বর্নপদকের সাথে তৃতীয় দিন আরও তিনটি স্বর্ণ যোগ করেন। রুবেল ২০০ মিটার ফ্রিস্টাইল, ২০০ মিটার ব্যাকস্ট্রোক এবং জুয়েল আহমেদ, কাজী মনিরুল ইসলাম ও আব্দুল হামিদ রিপনকে সাথে নিয়ে ৪ x ১০০ ফ্রিস্টইল রিলেতে স্বর্নপদক জয় করেন।

এছাড়া এদিন পুরুষদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে বিকেএসপির মোহাম্মদ শাহজাহান এবং মহিলাদের একই ইভেন্টে বিকেএসপির মাহফুজা খাতুন স্বর্ণপদক লাভ করেন।