শেখ রাসেল অনুর্ধ্ব ১৪ ফুটবলে মিরপুর চ্যাম্পিয়ন
মিরপুর থানা দল শেখ রাসেল অনুর্ধ্ব ১৪ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেছে। ধানমন্ডির আবাহনী মাঠে সোমবার ফাইনালে মিরপুর থানা একমাত্র গোলে হারায় শ্যামপুর থানা দলকে।
কর্দমাক্ত ও পিচ্ছিল মাঠে খেলার নয় মিনিটে জয়সূচক গোলটি করেন মিরপুরের শামিম আশরাফ।
সংসদে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ফাইনাল ম্যাচ উপভোগ এবং খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
বিজয়ী ও রানার্স আপ দলকে ট্রফি ছাড়াও যথাক্রমে ৩০ ও বিশ হাজার টাকা করে প্রদান করা হয়।
সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী, সাবেক ক্রীড়ামন্ত্রী ওবায়দুল কাদের, ফুটবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি মনির আহমেদ, সাবেক ফুটবলার গোলাম সারোয়ার টিপু, দেওয়ান শফিউল আরেফিন টুটুল, কাজী সালাউদ্দিন, খোরশেদ হোসেন বাবুল, বাদল রায়, সাব্বির হোসেন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি।
গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে উল্লেখযোগ্য সংখ্যক দর্শক মাঠে উপস্থিত হয় খেলা উপভোগ করার জন্য।
মাঠ খেলার অনুপযুক্ত থাকার পরও দু’দলই আক্রমন পাল্টা আক্রমন করে খেলে খেলাটিকে জমজমাট করে তোলে।
শ্যামপুর থানা প্রথমার্ধে এক গোলে পিছিয়ে পড়ে প্রতিপক্ষের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করে। কিন্তু মিরপুরের ডিফেন্ডার ওমর শরিফ, শরিফুল ইসলাম ও রানা মিয়ার শক্ত প্রতিরোধের কারণে কাঙ্খিত গোলের দেখা পায়নি।
বিজয়ী দলের সম্রাট ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। অন্যদিকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার ছিনিয়ে নেন শ্যামপুর থানার পিন্টু দাস। সুশৃংখল দলের ট্রফি জিতে নেয় মতিঝিল থানা দল।
কমিটি এই টুর্নামেন্ট থেকে ৯২ জন ফুটবলারকে নিবিড় প্রশিক্ষণের জন্য বাছাই করেছে। এ সময় শেখ হাসিনা ক্ষুদে ফুটবলারদের প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
