২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় সাঁতারের প্রথম দিন তিনটি নতুন রেকর্ড

মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে শনিবার কেয়া কসমেটিকস ২১তম জাতীয় সাঁতার প্রতিযোগিতার উদ্বোধনী দিনে তিনটি জাতীয় রেকর্ড সৃষ্টি হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2005, 09:20 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

প্রথমদিনের তিনটি রেকর্ডই গড়েছেন মহিলা সাঁতারুরা। বাংলাদেশ আনসারের লাবনী আক্তার জুঁই দু’টি এবং সবুরা খাতুন একটি রেকর্ড গড়েন।

মহিলাদের ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে জুঁই দুই মিনিট ৪৮ দশমিক ৯৯ সেকেন্ড সময় নিয়ে জাতীয় রেকর্ড গড়েন। এই ইভেন্টে দুই মিনিট ৪৯ দশমিক ৬৯ সেকেন্ড সময় নিয়ে পূর্বেকার রেকর্ডটি গড়েন বিজেএমসির ডলি আক্তার। ডলি এবার অংশ নিলেও রৌপ্যপদক, আনসারের লাভলী আক্তার ব্রোঞ্জ পদক লাভ করেন।

২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে দুই মিনিট ৫৮ দশমিক ৯৮ সেকেন্ড সময় নিয়ে আরেকটি জাতীয় রেকর্ড গড়েন জুঁই। ২০০৩ সালে তিন মিনিট ৪ দশমিক ৩৬ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ডটি করেছিলেন বিকেএসপির চামেলী আক্তার। এই ইভেন্টে বিজেএমসির শাপলা খাতুন রৌপ্য ও বিকেএসপির বিথী খাতুন ব্রোঞ্জ পদক লাভ করেন।

৪০০ মিটার ফ্রি স্টাইলে তৃতীয় নতুন জাতীয় রেকর্ড গড়েন বিজেএমসির সবুরা খাতুন। তিনি সময় নেন পাঁচ মিনিট শুন্য দশমিক ৭২ সেকেন্ড। পাঁচ মিনিট ২৫ দশমিক ৫৭ মিনিট নিয়ে আগের রেকর্ডটিও তিনি গড়েন ২০০৪ সালে। এই ইভেন্টে দ্বিতীয় ও তৃতীয় হন যথাক্রমে একই দলের মেরিনা খাতুন ও বিকেএসপির সোনিয়া আক্তার।

বিজেএমসি ও বিকেএসপির সাঁতারুরা জাতীয় রেকর্ড গড়লেও পদক অর্জনের দিক দিয়ে শীর্ষস্থানে রয়েছে নৌবাহিনী। প্রথম দিন শেষে তাদের সংগ্রহ তিনটি স্বর্নপদক। বাংলাদেশ আনসার ও বিজেএমসি দু’টি করে স্বর্ণপদক লাভ করেছে।

পুরুষদের ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে নৌবাহিনীর রুবেল রানা স্বর্ন, একই দলের কামাল হোসেন রৌপ্য ও আব্দুল হামিদ রিপন ব্রোঞ্জ পদক লাভ করেন।

২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে নৌবাহিনীর জুয়েল আহমেদ স্বর্ন, একই দলের জুলহাস আলম রৌপ্য ও বিকেএসপির সুজন আলী ব্রোঞ্জ লাভ করেন।

পুরুষদের ৪০০মিটার ফ্রিস্টাইলে স্বর্নপদক লাভ করেন নৌবাহিনীর রুবেল রানা। এই ইভেন্টে রৌপ্য ও ব্রোঞ্জ পদক লাভ করেন যথাক্রমে বিকেএসপির নাজমুল হক ও মফিজুর রহমান।