বাশারের বিতর্কিত মন্তব্য পর্যালোচনা করবে বিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রোববারের সভায় অনেকগুলো আলোচ্য বিষয়ের মধ্যে অন্যতম বিষয় হিসেবে অর্ন্তভুক্ত হতে যাচ্ছে বেতন নিয়ে জাতীয় দলের অধিনায়ক হাবিবুল বাশারের বিতর্কিত মন্তব্য।
বোর্ডের সাধারণ সম্পাদক মাহবুব আনাম বিডিনিউজকে জানান, কোন ক্রিকেটার কোড অব কন্ডাক্ট ভঙ্গ করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে। রোববারের সভায় সুমনের বিষয়টি আলোচনা হবে বলে জানিয়েছেন আনাম।
সভার আগে তিনি বিস্তারিত বলতে অপারগতা প্রকাশ করেন।
সম্প্রতি একটি জাতীয় দৈনিকের সাথে সাক্ষাতকারে অধিনায়ক বাশার খারাপ পারফরম্যান্সের মধ্য দিয়ে জনগনের টাকার অপচয় সংক্রান্ত অভিযোগ অস্বীকার করেন।
কয়েকটি জাতীয় দৈনিকে কলামিস্টদের মন্তব্যে হতাশা প্রকাশ করে বাশার বলেন, যখনই আমরা খারাপ পারফরম্যান্স করি, তখন বলা হয় আমরা জনগনের টাকার অপচয় করছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, তাদের (কলামিস্ট) জানা নেই যে, সরকার আমাদের জন্য কোন অর্থ ব্যয় করেনা। বিভিন্ন আর্ন্তজাতিক সিরিজ আয়োজন এবং টর্নামেন্টে অংশগ্রহন বাবদ যে অর্থ আয় হয়, তা দিয়েই ক্রিকেটারদের ব্যয় মেটানো হয়।
সাক্ষাতকারে বাশার বলেন, আমাদের বেতনের ব্যয়ও এই অর্থ থেকে মেটানো হয় এবং আমাদের বেতন প্রদানের আগে বোর্ড আয়করও পরিশোধ করে। বাশার বলেন, গত বছর ক্রিকেটাররা প্রায় ৩০ লাখ টাকা আয়কর প্রদান করেছে এবং আমি নিজে পাঁচ লাখ টাকা আয়কর প্রদান করেছি।
শনিবার বাশারের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। বাশার বিডিনিউজকে বলেন, নো কমেন্টস, রোববার বোর্ডের সভা শেষে আমি এ বিষয়ে মন্তব্য করব।
সাবেক অধিনায়ক নাইমুর রহমান অবশ্য বাশারের বক্তব্যে সমর্থন দিয়েছেন।
বিডিনিউজকে নাইমুর জানান, ক্রিকেটাররা খেলার মাধ্যমেই অর্থ আয় করেন। তারা সরকারকে কর দিচ্ছেন এবং সরকারও এই করের অর্থ থেকেই কর্মকর্তাদের বেতন দিচ্ছে।
জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক আকরাম খান এ বিষয়ে কোন মন্তব্য করেননি। তিনি বাশারের বক্তব্য সম্পর্কে অবগত নন বলে জানান।
