২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তলপেটের চোটে সরেই দাঁড়ালেন নাদাল

শঙ্কার কালো মেঘ জমেছিল আগেই। সেটাই সত্যি হলো শেষ পর্যন্ত। উইম্বলডনের সেমি-ফাইনালে খেলা হচ্ছে না রাফায়েল নাদালের। তলপেটের চোটই ছিটকে দিল স্পেনের টেনিস তারকাকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2022, 03:10 PM

Updated : 14 Jul 2022, 06:59 PM

চোটকে সঙ্গী করে টেইলর ফ্রিটজের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের লড়াইয়ে নেমেছিলেন নাদাল। ম্যাচ চলাকালীন ব্যথা প্রবল হয়ে ওঠে। দ্বিতীয় সেটের মাঝপথে মেডিকেল টাইম-আউট নিতে বাধ্য হন তিনি। বারবার মনে হচ্ছিল, এই বুঝি চোটের কাছে হারই মানবেন নাদাল। এমনকি তার বাবাও তাকে পরামর্শ দেন খেলা চালিয়ে না যেতে।

কিন্তু ব্যথায় কুঁকড়ে গেলেও নাদাল দমে যাননি, ভেঙে পড়েননি। ৪ ঘণ্টা ২০ মিনিটের মহারণে বারবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে ৩৬ বছর বয়সী তারকা শেষ পর্যন্ত ফ্রিটজকে হারান ৩-৬, ৭-৫, ৩-৬, ৭-৫, ৭-৬ (১০-৪) গেমে।

শুক্রবার ফাইনালে ওঠার লড়াই নিক কিরগিওসের বিপক্ষে খেলার কথা ছিল নাদালের। কিন্তু তলপেটের চোটের পরিস্থিতি ভালো নয়। এ অবস্থায় খেলা চালিয়ে গেলে চোট আরও ভয়াবহ হতে পারে, তাই সরে দাঁড়ালেন তিনি।

“ক্যারিয়ারে অনেকবারই আমি (চোট নিয়ে) খেলে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু এবার নিশ্চিত (খেলা চালিয়ে গেলে) বিষয়গুলো ভয়ঙ্কর হয়ে যাবে।”

“দিনভর আমি সিদ্ধান্ত নেওয়ার জন্য ভেবেছি। আমি মনে করি না, এই অবস্থায় খেলার কোনো মানে আছে আর এটা বলতে আমার খুব খারাপ লাগছে।”

সংবাদ সম্মেলনে নাদাল জানান, গত সপ্তাহ থেকে তলপেটে ‘কিছু একটা অনুভব’ করছিলেন। তা সত্ত্বেও চোট নিয়ে ফ্রিটজের বিপক্ষে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত ঠিকই ছিল বলে মনে করেন ২২টি গ্র্যান্ডস্লাম জয়ী তারকা।

“আশা করি, এই বিরতি আমাকে ঠিকঠাক সেরে উঠে বছরের বাকি টুর্নামেন্টগুলো, যেগুলো খেলার কথা আমি ভেবে রেখেছি, সেগুলো খেলার সুযোগ করে দিবে।”

আগামী ২৯ অগাস্ট শুরু হবে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন।

শুক্রবার আরেক সেমি-ফাইনালে মুখোমুখি হবেন নোভাক জোকোভিচ ও ক্যামেরন নরি। তাদের মধ্যে বিজয়ীর সঙ্গে শিরোপা লড়াইয়ে নামবেন অস্ট্রেলিয়ার কিরগিওস।